সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাতে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির বাইরের ঝোপে একটি মাথার খুলি ও কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।
কঙ্কালটি উদ্ধারের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সংবাদ পেয়ে ইউএনও ও পুলিশসহ ঘটনাস্থলে যাই। কঙ্কালটি দেখে প্রাথমিকভাবে পুরোনো বলে মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
জৈন্তা বার্তা/আরআর




