গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ PM

গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০২:০০:১৬ PM

গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে ২য় কুড়া সেতু পর্যন্ত অর্ধকিলোমিটার বেহাল সড়ক স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাদেশ্বর ইউনিয়নের ১ ও ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশাপাশি তেরাপুর, কৃষ্ণপুর, নুরপুর, উজান মেহেরপুর, কোনাগ্রাম, উত্তর আলমপুর, বাগলা ও ছিলিমপুরসহ অন্তত ১০টি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনে হাজারও মানুষের এই সড়কের ওপর নির্ভরশীল।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেক সময় রোগী, শিক্ষার্থী ও বয়স্ক মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা শাহেদুর রহমান বলেন, মাত্র অর্ধকিলোমিটার রাস্তার কারণে ১০ গ্রামের মানুষ প্রতিদিন কষ্ট করছেন। এই সড়কটি সংস্কার করা হলে হাজারও মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

এ বিষয়ে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামিম আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে এ রাস্তার বিষয়ে কথা বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত এই রাস্তার সংস্কারকাজ করে দেবেন।

এদিকে, সড়কটির বিষয়ে জানতে গোলাপগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কটি সংস্কার হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

জৈন্তাবার্তা/আরআর