সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও মদীনাতুল উলুম কওমি মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মালঞ্চপুর গ্রামের কৃতী সন্তান আব্দুর রউফ।
আব্দুর রউফের নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কাজী সোহরাব হোসেন, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
প্রবাসে কর্মব্যস্ত জীবনযাপন করলেও নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন আব্দুর রউফ। ব্যক্তিগত উদ্যোগে তিনি ধর্মঘর ইউনিয়নের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছেন। পাশাপাশি মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আরও পাঁচ শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।তাঁর এ সহযোগিতার ফলে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।স্থানীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
জৈন্তাবার্তা/সুলতানা




