বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ AM

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৮:৫৮:২৫ PM

বড়লেখায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদনগর পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বড়লেখা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলী হাসান। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন সংগঠনের প্রচার সম্পাদক মামুন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও সাবেক ইউপি সদস্য বদরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, আব্দুল লতিফ, এম. কলিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়, ছোটলেখা উচ্চ বিদ্যালয় ও গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ