প্রতীকী ছবি
সিলেটের জৈন্তাপুরে অটোরিকশায় গেটলক বাসের ধাক্কায় নুসরাত (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা ইতি আক্তার (৫০)।
সোমবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন ইয়াকুব আলী চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত ঢাকার কদমতলী থানার ১৭৮ পূর্ব ধোলাইপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মতিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত ও তার মা ইতি আক্তার সিএনজিচালিত অটোরিকশাযোগে (সিলেট খ- ১২-৫৯৭৮) জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বেপরোয়া গতির গেটলক বাস (সিলেট-ব-১১-০০১৪) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নুসরাত ঘটনাস্থলেই নিহত হয় এবং তার মা ইতি আক্তার আহত হন। আহত ইতি আক্তারকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




