জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ PM

বিজিবির অভিযান

জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৬:৪৯:১৮ PM

জৈন্তাপুর-কানাইঘাটে  ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় সিগারেট, গরু ও চা-পাতা জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার বরবন্দ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৩০৯ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি টাটা পিকআপ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া ২৪ ও ২৫ আগস্ট জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ১৩১ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।

জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ