জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ PM

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৪:২৮:৫১ PM

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন, নিয়মিত ও অতিরিক্ত ক্লাস গ্রহণ, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অনিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের পরিশ্রমের পাশাপাশি বাবা-মা, পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সর্বোপরি আল্লাহর রহমত রয়েছে। তাই কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন প্রাপ্য।

তিনি বলেন, যারা এবার সংবর্ধনা পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সংবর্ধনা না পাওয়া মানেই ভবিষ্যতে সফল হওয়া যাবে না—এমন নয়। সফলতার জন্য চেষ্টার কোনো বিকল্প নেই। নিয়মিত চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে তারাও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। কিছুদিন পড়াশোনা করে আবার কিছুদিন বিরতি দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিজের ট্রেড ও বিষয় অনুযায়ী মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

জৈন্তাপুরের শিক্ষার ফলাফল আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৪০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে বসে ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে বৈঠক করে প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষক সংকটে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী সরবরাহ, নিয়মিত ও অতিরিক্ত ক্লাস গ্রহণ এবং অনিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

দাখিল পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ, চারিকাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এর আগে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। দুপুরে থানায় পৌঁছালে ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি থানার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ