এআই দিয়ে করা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বলাই নমশূদ্র ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের ছেলে। বিজিবির প্রাথমিক ধারণা, তিনি সীমান্তকেন্দ্রিক একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান চালায়।
এ সময় চোরাকারবারিদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চোরাকারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে বলাই নমশূদ্রকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়।
আটক বলাইয়ের বিরুদ্ধে মামলা করে রাতেই তাঁকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। পলাতক চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ‘তিন-চারজনের একটি দল অন্ধকারে কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি করে। আমরাও আত্মরক্ষায় গুলি চালাই। তারা দৌড়ে পালানোর সময় ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা করা হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




