ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকারিয়া মাহমুদ নামে একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘Abul Kashem Pollob ভাই কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ পোস্টটির সঙ্গে পল্লবের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বিয়ানীবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবসহ ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। ১০ আগস্ট রাতে মামলার এক আসামি জাহেদ আলম এবং ১৩ আগস্ট ছাত্রলীগ নেতা মনির সিদ্দিকীকে গ্রেপ্তার করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আবুল কাশেম পল্লব ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের সময় তাঁকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবেও উল্লেখ করা হয়েছিল।
তবে পল্লবের গ্রেপ্তারের বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয় নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




