প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজনগর উপজেলা মডেল মসজিদের সামনে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় ওই বৃদ্ধা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার পর সিএনজিটি মৌলভীবাজারের দিকে চলে যায় বলে জানা গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/আরআর




