মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ PM

মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৪:৩০:৫৫ PM

মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত


মাদক ব্যবসা ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবিকে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম দিয়ে আরও সক্ষম করে তোলা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের ড্রোন দেশে আনার পরিকল্পনা রয়েছে। এসব ড্রোন সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের গতিবিধি শনাক্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট জব্দ করা মালামাল সংরক্ষণ এবং আটক ব্যক্তিদের রাখার জন্য মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই নয়, আইনি কাঠামোকেও আরও শক্তিশালী করা প্রয়োজন। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও যুগোপযোগী ও কঠোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশে তৈরি হওয়া ‘মব সংস্কৃতি’ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। মব সংস্কৃতি কোনোভাবেই সহ্য করা হবে না। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

এর আগে এক দিনের সফরে মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনীতে অংশ নেন।

সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

জৈন্তা বর্তা / ওয়াদুদ