ছবি:সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আয়োজিত বিশাল র্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটখাতকে বিশ্বদরবারে আরও শক্তিশালী ও স্বনির্ভর করতে সরকার কাজ করছে। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী চেতনা ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জনগণের ভালোবাসায় সেই আদর্শ আজ আরও সুদৃঢ় হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ওপর যে জুলুম-নির্যাতন হয়েছে, সিলেটের নেতাকর্মীরা রাজপথে থেকে তার প্রতিবাদ করেছেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দেশের অর্থনৈতিক সংকট ও জ্বালানি সমস্যা কাটিয়ে একটি শিল্পবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সুদীপ সেন বাপ্পু, ডা. আশরাফ আলী, আব্দুর রহিম মল্লিক, আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অবিরাম বৃষ্টিও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ ঠেকাতে পারেনি। মহানগরের ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি সিলেটে বিএনপির সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, স্বৈরাচারী শক্তির পতন হলেও তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ৪২টি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে বিএনপি জনগণের দল। অতীতের ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে কাজ করছেন।
সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




