সিলেটের জৈন্তাপুর সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। এসব মাদকদ্রব্যের সর্বমোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিপরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
একই রাত সাড়ে ৯টার দিকে লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংলিবিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের সর্বমোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




