ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪)-কে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তার মাহবুব আলম মাহী (২৪) নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি জানান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিকভাবে পড়াশোনা করছিল জনি। মাদ্রাসার অর্থনৈতিক অনিয়ম এবং শিক্ষার্থীদের জন্য সংগৃহীত দান-খয়রাতের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ সৃষ্টি হয়।
র্যাবের দাবি, ২০২৫ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জনিকে মারধর করে গুরুতর আহত করার পর জোরপূর্বক বিষ পান করানো হয়। পরে অচেতন অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ‘জিনের আছর’ হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি মাহবুব আলম মাহিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




