ঢাকার বদলে আজও সিলেটে নামল আন্তর্জাতিক ফ্লাইট।
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আরও ১টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ইউএস বাংলার এই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর ৫০ মিনিট পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার দিকে যাত্রা করে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক রাগীব রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। ৩ ঘণ্টা পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার দিকে যাত্রা শুরু করে।
এর একদিন আগে গত ২ জানুয়ারি একই কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে ৫টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করেছিল। ওইদিন রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। পরে সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ আটকা পড়েছিল। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেগুলোও ঢাকা অভিমুখে রওনা দেয়।
জৈন্তাবার্তা/জেএ




