ছবি: সংগৃহীত
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত দুজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে ওই ট্রেনের চারটি বগিতে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তারা ট্রেনে আগুন লাগার খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
এম সি




