বৌলাই নদীর পাড়ের উলুকান্দি—যতিন্দ্রপুর পার্শ্ববর্তী হালির হাওর ফসল রক্ষা বাঁধের একাংশে ধস
সুনামগঞ্জের প্রধান ফসল বোরো ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের সময় সীমা শেষ হলেও, এখনও পুরোপুরি শেষ হয়নি কাজ। কাবিটা নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৮৩ ভাগ কাজ শেষ হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। অন্যদিকে হাওরপাড়ের কৃষকরা বলছেন, কাগজে কলমে ৮৩ ভাগ কাজ শেষ হওয়ার কথা বলা হলেও, বাস্তবে কাজ হয়েছে আরও অনেক কম। কিছু কিছু হাওর রক্ষা বাঁধে ২০—৩০ ভাগ কাজও হয়েছে। এই অবস্থায় উদ্বেগ—উৎকণ্ঠার মধ্যে রয়েছেন কৃষকরা। সবচেয়ে খারাপ অবস্থা তাহিরপুরে।
এই উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বললেন, পাহাড়ি ঢল যাদুকাটা নদী দিয়ে নামলে প্রথম আঘাত হয় বড়দল—কাউকান্দি এলাকার মাটিয়ান হাওরের বাঁধে। বড়দল—কাউকান্দি এলাকার এসব বাঁধের মাটির কাজ এখনো শেষ হয়নি। হাওরে বৃষ্টিপাত শুরু হয়েছে, চিন্তায় পড়েছেন কৃষকরা। আমি তাহিরপুরের ইউএনও ম্যাডামকে বারবার বলেছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকেও ফোন দিয়ে জানিয়েছি, ওখানকার কাজের পরিস্থিতি। এরপরও কাজের কোন অগ্রগতি হয় নি।
তাহিরপুরের আরও আটটি বাঁধে পিআইসি’রা অর্ধেক কাজও শুরু করেন নি। এই বাঁধগুলোর মধ্যে শনি ও মাটিয়ান হাওরের গুরুত্বপূর্ণ বাঁধও রয়েছে।
শনির হাওরে বাঁধের কাজের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য মো. গোলাম সরোয়ার ডালিম বললেন, আমরা কার্যাদেশই পেয়েছি বিলম্বে। এরপর এক্সকেভেটর মেশিন পেতেও বিলম্ব হয়েছে। বৃষ্টি ছিল চারদিন। একারণে বাঁধের কাজে বিলম্ব হয়েছে।
জামালগঞ্জের গণমাধ্যম কর্মী বিশ^জিত রায় মঙ্গলবার সরেজমিনে উপজেলার হালির হাওরে গিয়ে দেখেছেন, হাওরের উলুখানি যতিন্ত্রপুর পর্যন্ত বড় বাঁধে এখনো মাটির কাজ শেষ হয় নি। এই বাঁধের যতিন্দ্রপুর পাশ^র্বর্তী অংশ বৌলাই নদীতে ধসে গেছে।
স্থানীয় কৃষকরা সাংবাদিকদের জানিয়েছেন, কয়েকদিন আগেই বাঁধে ধস শুরু হয়েছে। মঙ্গলবার বড় অংশ ধসে পড়েছে। কিন্তু এই নিয়ে কোন তৎপরতা সাংবাদিকদের চোখে পড়ে নি। অথচ এই বাঁধ ভেঙে বৌলাই নদীর পাহাড়ি ঢল এর আগেও ডুবিয়েছে বিশাল হালির হাওরকে।
তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বললেন, বুধবার কাজের সময়সীমা শেষ হয়ে গেলেও কোন কোন বাঁধে ২০—৩০ ভাগও কাজ হয়নি। তদারকির অভাব আছে সকল বাঁধেই। একইসঙ্গে পিআইসির লোকজন টাকাও সময়মত পায়নি বলে দাবি তার।
জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমদ বললেন, জেলায় এবার ৭৩৪ টি বাঁধের কোনো কোনটিতে স্লোফ, কমপেকশন, বন বা ঘাস লাগানোর কাজ বাকি রয়েছে। আবার কিছু বাঁধ বালু মাটি দিয়ে উঁচু করা হয়েছে। বাঁধের উপরের অংশ (টপ) ডিজাইন অনুযায়ী না করে কোথাও কোথাও টপের প্রস্ত কম করা হয়েছে। এমন অবস্থায় বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায়ও ঝুঁকি বেড়েছে। অন্যদিকে আকাশে বৃষ্টি দেখে হাওরপাড়ে উদ্বেগ—উৎকণ্ঠা তৈরি হয়েছে।
সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ২০ টন। যার বাজার মূল্য চার হাজার কোটি টাকারও উপরে।
এই বিশাল পরিমাণের বোরো ধান পাহাড়ি ঢল ও আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে সরকার প্রতিবছর হাওরে শত কোটি টাকা বরাদ্দ দিয়ে অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। এই কাজ ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হওয়ায়র কথা। সময় শেষ হওয়ার পরেও পানি উন্নয়ন বোর্ডই বলছে, এখনও ১৭ ভাগ কাজ শেষ হওয়ার বাকি রয়েছের
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বললেন, সব মিলিয়ে গড়ে ৮৩ ভাগ কাজ শেষ। তাহিরপুরের মাটিয়ান ও শনির হাওরের কিছু বাঁধে সামান্য কাজ বাকী আছে। ওখানে আরও দুই তিনদিন লাগবে।
জৈন্তাবার্তা/এমকে




