মধ্যনগরে মায়ের ভাষায় বই পেল গারো শিশুরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মধ্যনগরে মায়ের ভাষায় বই পেল গারো শিশুরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৩:০৬:৫৯ পূর্বাহ্ন

মধ্যনগরে মায়ের ভাষায় বই পেল গারো শিশুরা


২০১৭ সাল থেকে দেশের ‘ক্ষুদ্র’ নৃ—গোষ্ঠী শিশুদের মাতৃভাষায় পাঠদানের জন্য বই বিতরণ করে আসছে সরকার। চাকমা, মারমা, ত্রিপুরা, আচিক, এবং সাদ্রি এই পাঁচটি ভাষায় বই বিতরণ শুরু হলেও এবারই প্রথম মধ্যনগর উপজেলার গারো শিশু শিক্ষার্থীরা আচিক ভাষায় পাঠ্যবই পেয়েছে। মাতৃভাষায় পাঠ্যবই পেয়ে আনন্দিত গারো শিশু শিক্ষার্থীরা। বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোড (এনসিটিবি) প্রণীত আচিক ভাষার পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, মধ্যনগরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী অধ্যুষিত বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঙালভিটা মিশন প্রাইমারী স্কুল, কাইটাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাইটাকোনা মিশন প্রাইমারী স্কুল ও ইছামারী মিশন প্রাইমারী স্কুল এই পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে গারো শিশু শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক। এসকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক—প্রাথমিক শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট ৮৪ জন গারো শিশু শিক্ষার্থীর মধ্যে আচিক ভাষার পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

কাইটাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তূর্ণা মানকিন বলেন,  শিক্ষার্থীদের মাঝে আচিক ভাষায় প্রণীত বই বিতরণ করতে পেরে খুবই ভালো লাগছে। মনে নতুন আলোর সঞ্চার হলো। আমরা আমাদের অর্থাৎ গারো আদিবাসীর অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা উপায় পেয়েছি। তাছাড়া  আচিক ভাষা শুদ্ধ ও সঠিক  ব্যবহার সম্পর্কে নতুন প্রজন্মের ছেলে—মেয়েরা প্রাথমিক বিদ্যালয় থেকেই ধারণা লাভ করতে পারবে।

বাঙালভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ূস দাজেল বলেন, আমি নিজেও একজন গারো। দেরীতে হলেও এই প্রথম আমাদের শিশুদের হাতে মাতৃভাষায় সরকারী পাঠ্যবই তুলে দিতে পেরে আমি গর্ব বোধ করছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় গারোদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, ক্ষুদ্র নৃ—গোষ্ঠী গারো শিশু শিক্ষার্থীদের হাতে সরকারী পাঠ্যবই পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আমার নিজ খরচে জেলা শহর থেকে এসব বই এনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করেছি।

উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী কেবল তৃতীয় শ্রেণী পর্যন্তই মাতৃভাষায় পড়তে পারবে দেশের ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর শিশুরা। তবে গারো ছাড়াও মধ্যনগরে বসবাসরত আরও দুইটি ক্ষুদ্র নৃ—গোষ্ঠী হাজং ও বানাইদের মাতৃভাষায় সরকারী পাঠ্যপুস্তক প্রণীত না হওয়ায় তাদের সন্তানেরা মাতৃভাষায় পড়তে পারছে না।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার