জৈন্তাপুরে আলোচিত মোহাম্মদ আলি হত্যা মামলার আসামি গ্রেফতার।
জৈন্তাপুরে আলোচিত মোহাম্মদ আলি হত্যা মামলার এজহারভুক্ত আসামি বাহার উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বাহার উদ্দিন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম গৌরিশঙ্কর এলাকার আবুল কাশেমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১লা মার্চ) দুপুর দুই ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জাফলং পর্যটন স্পট জিরো পয়েন্টে অভিযান চালায় পুলিশ।
এ সময় জাফলং টুরিস্ট পুলিশ সাব জোনের সহায়তায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে ও উপ পরিদর্শক মুহিবুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি বাহারকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন আসামি বাহারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলি হত্যা মামলায় সে এজহার নামীয় তৃতীয় আসামি। বাকি দুই আসামি কারাগার থেকে বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। আটককৃত আসামি বাহার হত্যা মামলার পাশাপাশি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি বলে জানায় পুলিশ।
উল্লেখ্য গত ৬ই এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) রমজান মাসে জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকায় হাজি বাদশা মিয়া স্টোন ক্রাশার জোনের পশ্চিমে ১ নং লক্ষিপুর হাওড়ে একটি পানিপূর্ণ নালা থেকে অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ আলির মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।
ওইদিন বিকেল ৪:০০ ঘটকায় মরদেহ উদ্ধার করা হলে রাতে খবর পেয়ে মৃত ব্যাক্তির স্ত্রী ও কন্যারা এসে মোহাম্মদ আলির মরদেহের পরিচয় সনাক্ত করে। এর সপ্তাহখানেক পূর্বে সে নিঁখোজ ছিলো বলে পারিবারিক সূত্রে জানা যায়। পরের দিন তার স্ত্রী বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।
জৈন্তাবার্তা/জেএ




