প্রতিকী ছবি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে । গত শুক্রবার (১ মার্চ) ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার বাজারে এ ঘটনা ঘটে।
পাহারাদারদের মারধরে নিহত ব্যক্তির নাম মখলিছ আলী (৫২)। মখলিছ উপজেলার সারপার গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি বেশ কয়েক বছর থেকে ভবঘুরে জীবনযাপন করতেন। তার ৫ মেয়ে ও ২ ছেলেসহ স্ত্রী শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সারপার বাজারের ভাই ভাই ফ্যাশন ফেয়ারে ভোরে চোর সন্দেহে মখলিছকে আটক করে বাজারের পাহারাদাররা। এ সময় তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, বাজারের পাহারাদাররা চোর সন্দেহে তাকে মারধর করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে সমঝে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
জৈন্তাবার্তা/জেএ




