ছবি : নিজস্ব
মরফুল নেছা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা। ১৫ বছর আগে তাঁর স্বামী ওয়াদ আলী আট সন্তান রেখে মারা যান। বিধবা নারী মরফুল নেছা সন্তানের ভরনপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো কাছ থেকে জীবনযুদ্ধের কোন সহযোগিতা না পেয়ে বাড়ির পাশের পতিত জমিতে লাউ চাষ শুরু করেন। প্রথমবারেই লাভের দেখা পেয়ে কিছুটা স্বস্তি পান। পরে ১৪ বছর বয়সী বড় ছেলে বাবুল মিয়া কে নিয়ে শুরু করেন সবজি চাষ।
কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে তিনি ব্যাপক পরিসরে বারোমাস মৌসুম অনুযায়ী লালশাক, নালিয়া শাক, ডুগি, লাউ, কুমড়া, মুলা, বেগুন, কাঁচামরিচ, টমেটোর আবাদ করেন। বিষমুক্ত এসব সবজি বিক্রি করে তিনি এখন ভালো আছেন। চার মেয়ের মধ্যে দুই মেয়ে ও দুুই ছেলের বিয়ে দিয়েছেন। হাঁস, মুরগি, গরু, ছাগল পালনের মাধ্যমে তিনি এখন স্বাবলম্বী নারী। তাঁর পথ অনুসরণ করে এখন একই গ্রামের হতদরিদ্র সোনামালা বেগম, সিতাবুন বেগম, শান্তি বেগম, সাজনা আরা বেগম, মকন বিবি, রিমা বেগম, সুমা বেগম, মিছফা বেগম, রাজমিনা বেগম নামের আরও ১০ নারী সবজি চাষ করে এখন অনেকটা আয় করছেন। অভাব অনটনের সংসারের দুঃখ অনেকটা মিটিয়েছেন।
সরেজমিনে রবিবার ( ১২ মে ) কাদিপুর গ্রাম ঘুরে দেখা গেছে, কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও কাদিপুর গ্রামদিয়ে প্রবাহিত ডাউকি নদের দুইপাড়ে ভরাটের ফলে নদীর দুই পাড়ের বাসিন্দারা বাড়ির পাশের নদীরচর ও বাড়ির আঙ্গিনার পতিত জমিতে সবজি চাষ করছেন। তাদের উৎপাদিত বিষমুক্ত সবজি গ্রাম থেকে ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছেন।
সবজিখেতে কথা হয় মরফুল নেছার সঙ্গে। তিনি জানান, আমার স্বামী ২০০৯ সালে মারা যাওয়ার সময় ১৮ মাস বয়সী ছোট ছেলে ও ১৫ বছর বয়সী বড় মেয়েসহ আট সন্তান রেখে যান। ৫ শতক ভিটেমাটি ছাড়া কিছু ছিল না। সংসারে বোঝা কাঁধে পড়লে আমি অভাবের জ্বালায় সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়ি। ভোর থেকে রাত পর্যন্ত সবজি খেতে পরিশ্রম করে তিলে তিলে আমি সংসারের গ্লানি টেনে যাচ্ছি। এখন ছেলে মেয়েরা সবাই বড় হয়েছে। চারজনের বিয়ে শাদি হয়েছে। ভাত কাপড়ের অভাব দূর হয়েছে। গরুর দুধ, বর্গাকৃত জমির ধান ও নিজের উৎপাদিত সবজি দিয়ে সারাবছর ভালোই চলছে। ভালো লাগে আমার দেখানো পথ অনুসরণ করে গ্রামের আরও হতদরিদ্র নারী সংসারের স্বচ্ছলতা আনতে সবজি চাষ করছেন।
একই গ্রামের আব্দুল বছিরের স্ত্রী সিতারুন বেগম বলেন, আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেললে সংসারের খরচ জোগাতে আমিও চোখে সর্ষেফুল দেখি। মরফুল নেছার পরামর্শ ও সহযোগিতায় সবজি চাষ করে সফলতা পেয়েছি। শুধু মরফুল আর সিতারুন নন গ্রামের ১০ নারী সবজি চাষে এখন স্বাবলম্বী। সবাই বাড়ির সামনে ডাউকি নদীর তীরে লাগানো বিভিন্ন সবজি দেখিয়ে খুশিমনে তাদের দুঃখ কষ্ট ও সফলতার গল্প বলছিলেন। কেউ কেউ নিজের উৎপাদিত সবজি আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিয়ে তৃপ্তি পাচ্ছেন আবার কেউ কেউ এসব বিক্রি করে সংসারের খরচ জোগাচ্ছেন।
কথা হয় সাদিপুর গ্রামের বাসিন্দা ফখরুল হোসেনের সঙ্গে। তিনি বলেন,কাদিপুর গ্রামের নারীদের ফলানো বিষমুক্ত টাটকা সবজি গ্রামের বাজারে বেশ কদর রয়েছে। সবজি পাইকাররা খেত থেকেই এসব সবজি কিনে সাদিপুর, কলকলিয়া ও জগন্নাথপুর বাজারে বিক্রি করছেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, কাদিপুর গ্রামের মরফুল নেছাসহ নারীদের সবজি চাষের সফলতার গল্প আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা সরকারি বীজ ও নানা পরামর্শ দিয়ে তাদের পাশে রয়েছি।
এম সি




