ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংযোগ সড়কে মাটি ভরাট না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সম্ভাবনাময় সেতু

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৮:৩৫:০০ অপরাহ্ন

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের ওসমানীনগরে কালনী নদীর ওপর সরকারি অর্থায়নে নির্মিত একটি ব্রিজ দুই যুগ পেরিয়ে গেলেও জনসাধারণের কোনো কাজে আসছে না। ব্রিজটির দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট না করায় দীর্ঘদিন ধরে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ফলে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সেতুটির সুফল থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনী নদীর ওপর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ব্রিজটি। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সময়ে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্রিজটির দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়নি। ফলে এটি চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও ব্রিজটি সচল করতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিজটি চালু করা হলে ইসলামপুর, দক্ষিণ কালনীচর, সুরিকোনা, মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুরসহ আশপাশের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হতো। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এর মাধ্যমে সরাসরি উপকৃত হতেন। কিন্তু সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থাকায় দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে সরকারি অর্থ ব্যয় করে ব্রিজ নির্মাণ করা হলেও প্রয়োজনীয় সংযোগ সড়ক তৈরি না করায় প্রকল্পটির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। প্রায় দুই যুগ ধরে ব্রিজটি অব্যবহৃত পড়ে থাকায় একদিকে যেমন সরকারি অর্থের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের।

এ অবস্থায় জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজটির দুই পাশের সংযোগ সড়কে মাটি ভরাট ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে এটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ব্রিজটি চালু হলে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি ও শিক্ষাক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল