সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে। সোমবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় বন্ধ হয়ে গেছে প্রচার প্রচারণা। এখন ভোটার ও প্রার্থীরা কষছেন ভোটের হিসাব। তবে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন মাঠে থাকলেও ভোটের মূল লড়াই হবে দু’জনের মধ্যে। তারা হলেন- রফিকুল ইসলাম কিরণ ও আওলাদ আলী রেজা। দু’জনই সাবেক ছাত্রনেতা এবং একই এলাকা ও রাজনৈতিক আদর্শের।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারনায় নামেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। করেন সভা-সমাবেশ। শেষ মুহূর্তে ভোটারদের কিভাবে আকৃষ্ঠ করা যায় -এ বিষয়ে নানা কৌশল অবলম্বন করেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। তবে সোমবার মধ্যরাত থেকে তাদের সব প্রচার-প্রচারনা শেষ হয়েছে। তাই এখন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের পাশাপাশি ভোটাররাও নির্বাচনের ফলাফল নিয়ে হিসাব কষছেন।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। সকলেই আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। নির্বাচনে প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণের প্রতীক কাপ-পিরিচ, সাবেক ছাত্রনেতা আওলাদ আলী রেজার প্রতীক আনারস, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়ার প্রতীক ঘোড়া এবং অপর দুই প্রার্থী মাহমুদ আলীর প্রতীক মোটর সাইকেল ও আমজাদ আলীর প্রতীক হেলিকপ্টার। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৪ জনই প্রবাসী।
এলাকার সাধারণ লোকজন ও ভোটারদের সাথে আলাপ করে ধারণা করা হচ্ছে- চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াই হবে আওলাদ আলী রেজা ও রফিকুল ইসলাম কিরণের মধ্যে। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের অত্যন্ত ঘনিষ্টজন হলেন কিরণ। তাই তার প্রতি মানিকের বিশেষ নজর রয়েছে। তাছাড়া ছাত্রাবস্থায় কিরণ গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তাই তখন থেকেই স্থানীয় রাজনীতিতে তার প্রভাব রয়েছে। আওলাদ আলী রেজাও একসময় মুহিবুর রহমানের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। কিন্তু ক’বছর আগে তাদের সম্পর্কে ফাটল ধরে। রেজা একপর্যায়ে মানিক বিরোধী বলয়ে (শামীম আহমদ চৌধুরী বলয়ে) যুক্ত হন। বিভিন্ন সময় কঠোর সমালোচনা করেন মানিকের। রেজা এর আগেও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। খন মুহিবুর রহমান মানিকের সুনজরে থাকা অলিউর রহমান চৌধুরী বকুলের কাছে পরাজিত হন। তবে এবারের উপজেলা নির্বাচনে আওলাদ আলী রেজা হয়তো চমক দেখাতে পারেন। কারণ এলাকায় তার পরিচিতি এবং সজ্জন হিসেবে গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের মানিক বিরোধী বলয়ের ভোটের পাশাপাশি বিএনপি ঘরানার ও সাধারণ ভোটাররা এবার তাদের রায় রেজার পক্ষে দিতে পারেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন। তারা হলেন- ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব প্রতিক),
আতাউল হক (বই প্রতিক), আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ প্রতিক), মাওলানা আব্দুস সামাদ (চশমা প্রতিক), আফজাল হোসেন (মাইক প্রতিক), নজরুল ইসলাম (টিয়াপাখি প্রতিক), আব্দুল্লাহ আল মামুন (পালকি প্রতিক) ও রাকিব আহমদ (তালা প্রতিক)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লিপি বেগম মনোনয়নপত্র দাখিল করেন। এ পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।
একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ছাতক উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ৯৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫৪ ও নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯০৩ জন। এখানের ১০৩টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বিএনপিসহ অন্যান্য দল অংশগ্রহণ না করায় ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ারও আশংকা রয়েছে।
এলএইচ




