১০ ক্যাটাগরিতে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নি‌ল ওমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

১০ ক্যাটাগরিতে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নি‌ল ওমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:১৪:২৪ পূর্বাহ্ন

১০ ক্যাটাগরিতে বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নি‌ল ওমান

ছবি: সংগৃহীত


কয়েক ক্যাটাগরিতে বাংলাদেশি নাগ‌রিক‌দের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নি‌য়েছে ওমান। বুধবার (১২ জুন) ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানি‌য়ে‌ছে।

এতে বলা হয়, গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণিকে অব্যাহতি প্রদান করছে ওমান সরকার।

যেসব ক্যাটাগরিতে নিষেধাজ্ঞা অব্যাহতি দেওয়া হয়েছে

ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ-আয়ের আর্থিক ক্ষমতাসম্পন্ন পর্যটক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব শ্রেণিভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে ও ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারী তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই-বাছাইয়ের জন্য দূতাবাসে জমা দেবেন। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহকৃত তথ্য যাচাই-বাছাইয়ের উপর নির্ভর করে এক থেকে চার সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে দূতাবাস বলেছে, বাংলাদেশ সরকার ও ওমানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈতিক সিদ্ধান্ত যা কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রম বাজার সমীক্ষা ও পর্যালোচনার চলমান প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। আর এ দুই দেশের বিচক্ষণ ও সুযোগ্য নেতৃত্বের হাত ধরে এ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও বহুমাত্রিক ধারায় সম্প্রসারিত হচ্ছে।


জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার