রাত পোহালেই ঈদ। তাই অনেকের বাড়ির আঙিনাতেই এখন দেখতে পাওয়া যাচ্ছে কোরবানির পশু। হাট থেকে কোরবানি দেয়ার জন্য পশু কেনার পর এ সময় অনেকেই বিপাকে পড়েন পশুর খাবার নিয়ে। তাই আজকের আয়োজনে জেনে নিন, কোরবানির পশুর খাবার সম্পর্কে।
ইসলামি শরিয়তে কোরবানির পশুকে কোনো ধরনের কষ্ট না দেয়ার বিধান রয়েছে। তাই কখনোই কোরবানির পশু হাট থেকে কেনার পর তার অযত্ন করবেন না। যত্নের পাশাপাশি পশুকে প্রয়োজনীয় খাবার দিন।
অনেকেই ভেবে উঠতে পারেন না, কোরবানির পশু কেনার পর তাকে কী খাবার দিতে হবে। এ প্রসঙ্গে পশুচিকিৎসকরা বলছেন, কোরবানির পশুকে যখন হাটে আনা হয় তখন পরিবেশ পরিবর্তন এবং দীর্ঘ পথ জার্নির কারণে গরুগুলো ক্লান্ত ও পরিশ্রান্ত থাকে। খাবারেরও ঘাটতি থাকে।
তাই কোরবানির পশু কেনা হয়ে গেলে তার জন্য হাট থেকে খাবারও কিনে নিন। খড়, কাঁচা ঘাস, ভুসি, কাঁঠাল পাতা ইত্যাদি গরু ও ছাগলের পছন্দের খাবার। এগুলো কোরবানির পশুর খাবার হিসেবে কিনতে পারেন। এ ছাড়া বাড়িতে থাকা ভাতের মাড়, বিভিন্ন ফলের খোসা গরুকে খেতে দিতে পারেন।
কোরবানির পশুকে এসব খাবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দিন। তাপমাত্রা বেশি থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশাতে পারেন। তবে কোরবানির পশুকে কখনোই জোর করে খাবার খাওয়াতে যাবেন না। সবসময় স্বাভাবিক পরিমাণে খাবার দিতে চেষ্টা করুন।
মনে রাখবেন, কোরবানির আগের রাতে কোরবানির পশুকে কখনই বেশি খাবার খাওয়াবেন না। প্রয়োজনের অতিরিক্ত খাবার পশুকে দেয়া থেকে এ দিন অবশ্যই বিরত থাকতে হবে।
এলএইচ




