ছবি: সংগৃহীত
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে সরকার দুই বছরের ব্যবধানে ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে আবারও মিড-ডে মিল চালু করতে যাচ্ছে।
আগামী আগস্ট থেকে স্কুল ফিডিং কর্মসূচি শুরুর আশা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, দারিদ্র্যপ্রবণ এলাকার ১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৭ লাখ শিক্ষার্থীর জন্য তিন বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা।
প্রাক্কলিত ব্যয়ের মধ্যে ৪ হাজার ১৮১ কোটি টাকা খাদ্য সংগ্রহ খাতে এবং বাকি অর্থ ঠিকাদার, পরিবহন, সার্ভিস চার্জ, খাদ্য বিতরণ ও প্যাকেজিং খাতে ব্যয় করা হবে। প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোতে মিড-ডে মিল চালু করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির পরবর্তী বৈঠকে বা তার পরের বৈঠকে অনুমোদনের জন্য রাখা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘শিক্ষার্থীদের মিড-ডে মিল সরকারের অগ্রাধিকার তালিকায় থাকায় প্রকল্পটি দ্রুত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পরিকল্পনা কমিশন ইঙ্গিত দিয়েছে।’
এস এইচ টি/




