ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে লক্ষ্য স্থাপন করেছি, তারই প্রেক্ষিতে বাজেট প্রস্তাব করা হয়েছে। এই বাজেট শতভাগ বাস্তবায়ন হবে বিষয়টা এমন না, তবে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম তা প্রমাণ হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন আর আগের জায়গাই নেই। ৬২ হাজার কোটি টাকার বাজেটের বাংলাদেশে এখন ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়। আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করে। উত্তরবঙ্গের কথা তুলে ধরে তিনি বলেন, এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো, তা কিন্তু এখন আর নেই। রংপুরের মানুষ এখন চারবেলাও খেতে পায়।
তিনি আরও বলেন, দারিদ্র্যের হার ৪১ থেকে আমরা ১৮ শতাংশে নামিয়ে এনেছি। আর হতদরিদ্র ২৫.৬ থেকে ৫.৬ শতাংশে নামিয়েছি। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না। টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে ধরবো।
কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কালো টাকা সাদাটা, কালো টাকা সাদা না। এখন সব দেশে দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সেই কয়েক কোটি টাকার মালিক, ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গেলে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারেন না। সেটা তারা আয়কর দিতে পারেন না।
প্রধানমন্ত্রী বলেন, আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয়।
অতীতে খালেদা জিয়াও এই সুযোগ নিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেন নিয়েছিলেন এবং আরও অনেকে নিয়েছিলেন। তারাও কিন্তু এরকমভাবে সেই ২০০৭/২০০৮ বা তার পরবর্তীতে এভাবে কিন্তু তারা বৈধ করে নিয়েছিলেন। এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছেন। এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন। মনে হয়, একটু খেঁাজ নিতে হবে। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছিলেন কি না।
বাংলাদেশের জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল, কিছু কিছু মাঝখানে দুষ্টু প্রকৃতির থাকে ওগুলো আমরা ধর্তব্যে নিই না।
জৈন্তা বার্তা / টিটু




