ছবি: সংগৃহীত
টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন সময়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত করার আহবান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া আগামী রোববার সুবিধাজনক সময়ে দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার বাদ জুমা সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতা-কর্মীদের দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণের জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছেন।
জৈন্তা বার্তা / টিটু




