(প্রতীকি ছবি)
নেপালের ইমিগ্রেশন বিভাগ পাচারের শিকার সিলেটের হবিগঞ্জ জেলার ৩ জনসহ ৬ বাংলাদেশিকে কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের নেপাল ইমিগ্রেশন সেন্টারে নেওয়া হয়েছে।
উদ্ধারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একই উপজেলার শাকিব আহাম্মেদ, মো. রহিম খন্দকার এবং গোপালগঞ্জের রিয়ান, দুলাল মুন্সি ও সম্রাট।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের কাগজপত্র বলছে, বাংলাদেশি ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনাল তাদের নেপালে পাঠায়। নেপাল পুলিশ এই প্রতারণার সঙ্গে জড়িতদের খুঁজছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গত শনিবার ওই ছয়জনের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন। তারা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে ৭ লাখ টাকা করে নেয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাদের আলবেনিয়া নেয়া হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল। গত ৫ মাস ওই ছয়জনকে নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রাখেন মানবপাচারকারী চক্রের সদস্যরা।
শরিফুল হাসান জানান, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন এই ছয় বাংলাদেশিকে পাচারের ঘটনা টিআইপি হিরো নেটওয়ার্কে জানান। এছাড়া বিষয়টি ইউএসএআইডি নেপালকে জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে হোটেল থেকে তাদের উদ্ধার করেন নেপাল ইমিগ্রেশন বিভাগ। এ ছাড়া এই ঘটনায় দিসান নামে এক দালালকে আটক করেছে নেপাল।
জৈন্তাবার্তা / এনআর




