খালি পড়ে আছে ১৭ কোটি টাকার ট্রাক টার্মিনাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

খালি পড়ে আছে ১৭ কোটি টাকার ট্রাক টার্মিনাল

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ১১:০২:০৭ পূর্বাহ্ন

খালি পড়ে আছে ১৭ কোটি টাকার ট্রাক টার্মিনাল

ছবি: নগরের চন্ডিপুলে যত্রতত্র ট্রাকের সারি


নির্দিষ্ট টার্মিনাল থাকতেও সিলেটের অলিগলি আর সড়কপথে রাখা হচ্ছে ট্রাক। আর যত্রতত্র ট্রাক পার্কিংয়ের ফলে সিলেট নগরের সবকটি সড়কে যানজট বাড়ছে। বিশেষ করে নগরের প্রবেশ পথে বাড়ছে ভোগান্তি আর বিশৃংখলা। অথচ হাতের কাছে পড়ে আছে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশাল ট্রাক টার্মিনাল। 

পাঁচ বছর আগে উদ্বোধন হয় সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। কিন্তু এত টাকা ব্যয়ে নির্মিত ট্রার্মিনালটি কোনো কাজেই আসছে না। উদ্বোধনের পর থেকেই টার্মিনালটি খালি পড়ে আছে। আর ট্রাক পার্কিং করা হচ্ছে বিভিন্ন সড়কের পাশে। ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। অন্যদিকে ট্রাক টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজন বিভিন্ন সড়ক থেকেই টার্মিনালের ‘টোল’ আদায় করছেন। জৈন্তাবার্তা’র সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। 

সরেজমিন অনুসন্ধানকালে জানা গেছে, ২০১৯ সালের অক্টোবরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি শহরতলীর পারাইরচকে উদ্বোধন করেন সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। বর্তমানে ৮ একর জায়গা থাকলেও পরবর্তীতে ২০ একর জমি অধিগ্রহণের অনুমতি পায় সিলেট সিটি কর্পোরেশন। তবে সে পরিকল্পনা বাস্তবায়নের আগেই অর্থ আদায়ের এক ভেলকিবাজিতে মেতে উঠে কথিত ইজাদার ট্রাকমালিক সমিতি। 

সেখানে ট্রাক মালিক সমিতি এবং ট্রান্সপোর্ট মালিকগণ ইজারা নিয়ে কাজ শুরু করলেও কিছুদিন যেতে না যেতেই তারা ট্রাকগুলোকে টার্মিনালের বাইরে রাখার সুযোগ করে দিতে থাকে। ফলে ধীরে ধীরে ট্রাকগুলো টার্মিনাল এলাকা ছাড়তে থাকে। আবারও চন্ডিপুল, বাইপাসসড়কসহ বিভিন্ন স্থানে দাঁড়িয়ে তাদের কাজ সারতে থাকে। সিলেট নগরে রাত ৮টার আগে ট্রাক ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার কারণে ট্রাকগুলো বিভিন্ন স্থান থেকে এসে সেখানে অবস্থান নিতে থাকে। আর ইজারাদারের দুজন লোক প্রতিদিন মোটর সাইকেল যোগে সেসব গাড়ি থেকে জনপ্রতি ১৫০ টাকা করে আদায় করছে। 

মঞ্জু মিয়া নামের এক ট্রাক চালক হবিগঞ্জ থেকে ট্রাক নিয়ে সিলেট আসেন। তিনি চন্ডিপুল বাইপাস সড়কের শাহজালাল রেস্টুরেন্টের সামনে গাড়ি দাড় করান। সেখানে নাস্তা করেন। শৌচাগারের কাজ সারেন। তিনি বলেন, আমরাতো সব সময় এই সড়কেই গাড়ি রাখি। 

তার হেলপার এনামুল হক লিটন বলেন, প্রতি গাড়ি থেকেই টাকা নেন ট্রাক মালিক সমিতির লোকজন। ফলে এ সড়কে কেউ তাদেরকে দাঁড়াতে বাধা দেন না। 

সরেজমিন চন্ডিপুল বাইপাস সড়কে দেখা যায়, গাড়ি রাখার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। রাস্তার ডান-বাম মধ্যখান কোনো জায়গাই বাদ পড়ছে না ট্রাক থামানো থেকে। ফলে এক চরম বিশৃংখল অবস্থা বিরাজ করছে বাইপাস সড়কে। ঢাকা থেকে আসা এবং ঢাকাগামী গাড়িগুলো চরম বিপত্তিতে পড়ছে এ সড়কে। 

শাহজালাল রেস্টুরেন্টের মালিক মাহমুদ জানান, ট্রাক টার্মিনাল হওয়ার পর সেখানে তিনিও রেস্টুরেন্ট খুলেছিলেন। কিন্তু ব্যবসা না হওয়ায় তিনিসহ সব রেস্তোরাঁ মালিকই ব্যবসা গুটিয়ে চলে এসেছেন। ট্রাক চালকদেরকে সেখানে নিতে চাইলে সেটা প্রশাসনকেই করতে হবে। 

শহরতলীর পারাইরচকে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল টার্মিনালের মুল অংশ আরসিসি ঢালাই করা। এর পাশে রয়েছে চারতলা একটি ভবন। সেখানে পানি, থাকার ব্যবস্থা, মসজিদ সবই আছে। শুধু দেখা মিলেনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজনের। কয়েকটি ছোট বড় ট্রাক, কাভার্ড ভ্যানসহ কিছ‚ গাড়ি আছে। এক বৃদ্ধকে পাওয়া গেলো। এ প্রতিবেদককে তিনি বলেন, এখানে দুইজন সিকিউরিটি গার্ড আছেন। একজন দিনে এবং একজন রাতে থাকেন। যিনি রাতে ডিউটি দেন তিনি হলেন সফর আলী। এ প্রতিবেদক ফোনে কথা বলেন সফর আলীর সঙ্গে। তিনি বলেন, আমার রাতে ডিউটি। দিনে আছেন আরেকজন। 

সফর আলী এ প্রতিবেদককে বলেন, টার্মিনাল হওয়ার পর ট্রাক সমিতির সাহেদ নামের এক ব্যক্তিসহ দুজন লিজ নেন। তারা তাকে বেতন দেন। গত ক’দিন আগে লিজ বদলেছে বলে শুনেছেন। এ কারণে চারমাস ধরে তিনি বেতনও পাচ্ছেন না। 

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ১৭ কোটি টাকা ব্যয় হয়েছিলো এই ট্রাক টার্মিনাল নির্মাণে। এটি যারা লিজ নেন, তারা দেখভাল করার কথা। তবে অরক্ষিত থাকলে আমরা ব্যবস্থা নেব। 

তিনি বলেন, আমরা সিসিকের নতুন প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করেছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে যাতে এই টার্মিনালটি কার্যকর রাখা যায় সেই অনুরোধ করেছি। পুলিশ ছাড়া ট্রাকগুলোকে টার্মিনালে নেয়া সম্ভব নয়। 


জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী