ছবি নিজস্ব
যুগ যুগ ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে সিলেটের ওসমানীনগরের মাছ আহরণের অন্যতম বৃহৎ জলাধার সাদিখাল। দলীয় ও পেশিশক্তি প্রয়োগ করে অবৈধভাবে এ পরিবারটি বিভিন্ন জাতের মাছ ধরতে মৎস্যজীবীদের কাছে খালের গুরুত্বপূর্ণ স্থান লিজ প্রদান এবং বড়শি দিয়ে মাছশিকারীদের কাছে টিকেট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দেশে সরকার বদলের পর জাল দিয়ে পোনা মাছ নিধন বন্ধ করে মৎস্যজীবী ও সাধারণ মানুষের জন্য মাছ শিকার উন্মুক্ত করে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।`
জানা যায়, সিলেটের জেলা প্রশাসকের কাছ থেকে নামমাত্র টোকেন মানি ফি দিয়ে স্থানীয় দুটি মৎস্যজীবী সমিতির নামে লিজ আনা হয় ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের মিঠা পানির মাছের অন্যতম বৃহৎ জলাধার সাদিখাল। যদিও খাল দুটি মৎস্যজীবী সমিতির নামে লীজ আনা হয়, কিন্ত পর্দার আড়ালে থেকে মালিকানা ভোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ এবং জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শামীম আহমদের ভাই বেদার মিয়া।
জানা গেছে, নামমাত্র টোকেন মানি ফি দিয়ে সরকারের কাছ থেকে খাল লিজ আনার পর শুরু হয় বেদার মিয়ার মাসে লক্ষ লক্ষ টাকা আয়। তিনি বর্ষা মৌসুমে বেলজাল দিয়ে মাছ ধরার জন্য ক্ষুদ্র মৎস্যজীবীদের কাছে খালের গুরুত্বপূর্ণ পয়েন্ট ইজারা দিয়ে একসাথে অগ্রিম তুলে নেন বড় অংকের টাকা। বেশি মাছ ধরা পড়ে এমন স্থানে বেলজাল দিয়ে মাছ ধরতে হলে অন্তত দেড়-দুই বছর আগে যোগাযোগ করতে হয় বেদার মিয়ার লোকজনের সাথে। অগ্রিম আড়াই-তিন লক্ষ টাকা গুণতে পারলেই কেবল মিলে অপেক্ষাকৃত ভালো স্থান। আর শুকনো মৌসুমে বড়শি দিয়ে মাছ শিকারীদের কাছে টিকেট বিক্রি করার মাধ্যমে শুরু হয় মাসিক ইনকাম। টিকেট ছাড়া খালে একটি জাল কিংবা বড়শি ফেলতে পারেননি খাল তীরবর্তী গ্রামসমুহের কিংবা দূর থেকে আসা কোনো শৌখিন মাছশিকারী। প্রতিদিন বেদার মিয়ার লোকজন গলায় বাঁশি ঝুলিয়ে খালের দুই পাড় দিয়ে মাইলের পর মাইল চষে বড়শি দিয়ে মাছশিকারীদের কাছ থেকে প্রতি মাসে তুলে নেন টিকেটের লক্ষ লক্ষ টাকা। প্রতিদিন বোয়াল মাছের বড়শির টিকেট একশ টাকা এবং রুই মাছের টিকেট ৫ থেকে ৭ হাজার টাকা। এভাবে বেদার মিয়ার বছরে আয় হয় কোটি টাকার মতো।
এদিকে ছোট সাইজের পোনা মাছ ধরতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের এমন নির্দেশনা অমান্য করে খালের মাছ যাতায়াতের গুরুত্বপূর্ণ স্থানে বেলজাল দিয়ে প্রতিনিয়ত অবাধে নিধন করা হচ্ছে এসব ছোট পোনা মাছ। অন্যদিকে প্রতিবছর সরকারের মৎস্য বিভাগ থেকে মাছের অভয়ারণ্য হিসেবে সাদিখালে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। একদিকে খালে মাছের পোনা অবমুক্ত করা হয়, আবার বিপরীতদিকে একই খালে বেলজাল দিয়ে পোনা মাছ শিকার করা হয়। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত আমিষ উৎপাদন থেকে।
জানা যায়, প্রায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের সাদিখাল উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ভল্লবপুর হাওর থেকে শুরু হয়ে মশাদিয়া, মশাখলা, দৌলতপুর, সাদীপুর, সুন্দিখলা, ভেড়ারচর, চাতলপাড় এসে দুইভাগে বিভক্ত হয়ে একটি অংশ কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। অপর অংশটি লুম নামক স্থান দিয়ে গিয়ে উমরপুর ইউনিয়নের বানাইয়া হাওরে মিশেছে। এর মধ্যে খালের একেক অংশের একেকটি নাম রয়েছে। সাদিখালের কিছু অংশ সাদীখাল, কাটার মার খাল, বেড়ি নদী, চাতলপাড় খাল, লুম নামে ডাকা হয়। সমগ্র খালের বিভিন্ন পয়েন্টে বেলজাল, ভরজাল, উতার জাল, কারেন্ট জাল, বস্তা জাল, রিং জাল, চায়না ম্যাজিক জাল, উড়াল জাল ও বড়শি দিয়ে মৎস্যজীবীরা মাছ শিকার করে থাকেন। বিভিন্ন জাতের প্রায় শতাধিক জাল রয়েছে খালে এবং শুকনো মৌসুমে বড়শি দিয়ে হাজার হাজার লোকজন টিকেট দিয়ে মাছ শিকার করেন। ছয় মাসের জন্য একেকটি জাল থেকে ৫০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়।
স্থানীয় এলু মিয়া ও দুলাল আহমদ বলেন, আমরা নদীর পড়ের বাসিন্দা। কিন্তু টিকেট ছাড়া নদীতে একটা বড়শি কিংবা জাল ফেলতে পারি না। মৎস্যজীবী মিন্টু দাশ, কাজল বিশ্বাস, অরুণ বিশ্বাস, সাহেব আলী, সেলিম মিয়া, সোহান, নাহিদ, আব্দুস শহিদ, জাকির হোসেন, শাহীন, নেপাল দাস, রিয়াজ উদ্দিন, সাহেল, খোকা দাস ও অর্পন দাস বলেন, সমিতির মাধ্যমে জাল ধরার জন্য ৫০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে থাকি। এ টাকা বেদার মিয়া ও আমুর আলী নিয়ে থাকেন।
অভিযুক্ত আমুর আলী বলেন, আমি তাদের কাছ থেকে সামান্য মাছ খাওয়ার জন্য আনি। আমি টাকা-পয়সার লেনদেন করি না।
বেদার মিয়া বলেন, আমি কোনো টাকা নেই না। টাকা নেয় মৎস্যজীবী সমিতি। আমরা আওয়ামী লীগ করি। স্থানীয় মৎস্যজীবীরা আওয়ামী লীগের কর্মী সমর্থক। বিএনপির লোকেরা তাদের বিভিন্ন সময়ে নির্যাতন করলে মৎস্যজীবীরা তাদের সাথে থাকে না। আমরা মৎস্যজীবীদের সহায়তা করি, তাই বিএনপির হিরন মেম্বার আমার বিরুদ্ধে দরখাস্ত করেছে।
অভিযোগকারী সাবেক মেম্বার হিরন আলী বলেন, ১৯৮৭ সালে মাছ ধরার জন্য সাদিখাল উম্মুক্ত করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী পরিবার সাদিখালে জাল ও বড়শি দিয়ে মাছ ধরার জন্য টাকা নিচ্ছে। আমি সাদিখাল অবমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, এলাকাবাসীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা / আরআর




