ছবি: বালাগঞ্জে প্রবাসীর বাড়ি এলোমেলো পড়ে থাকা আসবাবপত্র
বালাগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৭লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের আরব আমিরাত প্রবাসী সুলেমান আলীর ঘরে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) বিকালে প্রবাসীর বড়ভাই আব্দাল মিয়া বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী সুলেমান আলী দেশে না থাকায় তার স্ত্রী জাহেদা বেগম প্রায়ই একই গ্রামে তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার কয়েকদিন আগে থেকে জাহেদা বেগম তার বাবার বাড়িতে ছিলেন। এ সুযোগে গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাতনামা কে বা কারা তাদের পাকা নির্জন বসতঘরের বাথরুমের জানালা, ঘরের দরোজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। সকালে প্রতিবেশীদের কাছ থেকে সংবাদ পেয়ে প্রবাসীর স্ত্রী জাহেদা বেগমসহ অন্যরা বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের আলমিরায় থাকা স্বর্ণালঙ্কার ও নগদ থাকাসহ মূল্যবান জিনিসপত্র নেই। সমস্ত আসবাবপত্র এলোমেলো পড়ে আছে।
প্রবাসীর স্ত্রী জাহেদা বেগম, প্রবাসীর বড় ভাই আব্দাল মিয়াসহ অন্যরা অভিযোগ করে বলেন, চুরির ঘটনায় বসত ঘরের আলমিরাতে থাকা আনুমানিক ৪ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৯০হাজার টাকাসহ প্রায় ৭লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
জৈন্তাবার্তা / এনআর




