ছবি: নিজস্ব
সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার হাজী ফরিদ সারেং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী দাস।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির বাছাই প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।
মন্দিরা রানী দাস ২০০১ সালে সিলেট সরকারি মুরারিচাঁদ কলেজ থেকে বিএসসি (অনার্স) ও ২০০২ সালে উদ্ভিদবিদ্যা বিষয়ে এমএসসি পাস করেন। তিনি ২০০৭ সালের জুলাইয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার লছিমপুর গ্রামের নিরঞ্জন দাস ও জ্যোৎস্না দাসের মেয়ে। পাঁচ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। দুই সন্তানের জননী মন্দিরা রানী দাসের স্বামী বিশ্বরূপ রায়। তারা সিলেট নগরীর সাগরদিঘীর পাড়ে বসবাস করেন।
প্রসঙ্গত, মন্দিরা রানী দাস প্রথমে ইউনিয়ন পর্যায়ে, পরে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। বিভাগীয় পর্যায়ে বাছাই শেষে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হবে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হওয়ার ব্যাপারেও আশাবাদি তিনি।
জৈন্তাবার্তা / মনোয়ার




