ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা হচ্ছে,বন্যা ও দূর্যোগ প্রবন এলাকা। বর্ষায় বন্যার প্রতিকূলতা কাটিয়ে উঠতে হিমসিম খায় উপজেলার কৃষকরা। আমন মৌসুমে ধানের চাষ করে ফলন ঘরে তুলতে অনেক প্রতিকূলতা ডিঙিয়ে কৃষকদের স্বপ্নের ফসল ঘরে তুলতে হয়। মাস দুয়েকের বেশি সময় পতিত থাকে জমি। এভাবে প্রতিবছরই লোকসানের মুখে পড়ে কৃষকরা।
তবে কয়েকবছর থেকে আমন মৌসুম একেবারে ভিন্নভাবে ধরা দিয়েছে উপজেলার কৃষকদের কাছে। ধানের ক্ষেত বন্যায় তলিয়ে গেলেও শতভাগ ফলন ঘরে তুলতে একাধিক কৃষক নতুন নতুন জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে। উপজেলার কৃষকদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীদের উদ্ভাবিত বিনা ধান ১১। বন্যা সহনশীল স্বল্পমেয়াদি এ ধানের চাষ করে কৃষকের মুখের হাসি হয়েছে চওড়া। সঙ্গে বাড়তি হিসাবে শীতকালীন সবজি ও সরিষা আবাদের সুযোগ মিলেছে।
সম্প্রতি উপজেলার নিয়াগুল গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে সোনালী রঙের বিনা ধান ১১ দোল খাচ্ছে। কিছু জমিতে ইতোমধ্যে ধানে চাউল ধরেছে। মাঠে পৌঁছাতেই কৃষকের মাঝে দেখা গেল আত্মতৃপ্তির ছোঁয়া।
কৃষক শ্রীবাস দে জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর আমার মৌসুমে দুই বিঘা জমিতে বিনা ধান-১১ বপন করেছিলেন।ফলন ভালো হয়েছে। তিনি আশা করছেন বিঘা প্রতি ১৫ থেকে ১৬ মন ধান পাবেন।খরচ হয়েছে চার হাজার টাকার মত। বর্তমানে তার ধানে চাউল ধরেছে।১০-১২ দিনের ভিতরে ধান কর্তন শুরু করবেন এবং পরবর্তীতে তিনি এই জমিতে শীতকালীন সবজি আবাদ করতে পারবেন। তার জন্য প্রস্তুতি নিচ্ছেব। একই জমি থেকে বছরে তিন ফসলের চাষের সুযোগে কৃষকরা যেন নতুন করে জেগে উঠেছেন। এখন আর তাদের বন্যায় ধান ডুবে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। পড়তে হবে না আর্থিক ক্ষতিতে। এছাড়া ধানের যে খড় এই সময়ের জন্য অত্যান্ত মূল্যবান।এই সময়টা গবাদিপশুর খাদ্যের সংকট থাকে, যা এই ধানের খড় দিয়ে পূরণ করা যায়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমীন খান বলেন, গত বছর প্রদর্শনীর মাধ্যমে মাঠ দিবস করে কৃষকদের উদ্বুদ্ধ করেন। এ বছর উনার ব্লকে ১২ থেকে ১৫ জন কৃষক নতুন জাতের এই ধান আবাদ করেছে। প্রচলিত জাতের চেয়ে এ জাতের ধানের ফলন চার থেকে পাঁচ মণ বেশি। খরচ কম অথচ ফলন বেশি। এমন জাত সত্যিই কৃষকদের ভাগ্যে বদল করে দেবে।গত দুই বছর তাদের ধানের বীজ দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিনার প্রশিক্ষণ পাওয়া সব কৃষকেরা নিজেই বীজ উৎপাদন শিখেছে। এই ধান চাষ এ অঞ্চলের সব কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে এ অঞ্চলের মানুষের অভাব থাকবে না। পাশাপাশি বিনা-১১ বন্যা সহনশীল আগাম জাতের ধান হওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতি পুষিয়ে শীতকালীন সবজি সরিষা চাষ সহ বছরে চারটি ফসল ঘরে তুলতে পারবেন। তিনি বলেন,কৃষক শ্রীবাস বন্যা থাকার কারণে বীজ তলায় বীজ বুনতে পারেন নাই তাই জমিতে ছিটিয়ে চাষ করেছেন।তারপরও তার ফলন ভালো হয়েছে।অন্যান্য কৃষকরা রোপন করেছেন।তারা বিঘা প্রতি বিশমণ ধান পাবে।
জৈন্তাবার্তা / জারা




