ছবি: নিজস্ব
দীর্ঘ দুই যুগ পর শরতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেপুর মৌজা,বানীগ্রাম ও নারাইপুর মৌজা (ফতেপুর মধ্য তিন মৌজা) র অন্তর্গত কিনাইবিলে গ্রামবাংলার ঐতিহ্য পলোবাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯ টায় আনন্দ উৎফুল্ল ও নব উদ্দীপনায় এ উৎসবে ভাগাভাগি করে মাছ ধরতে বৃদ্ধ থেকে শিশু কিশোররা পলো, ঝাল,খলই সহ পরোনো মাছ ধরার হাতিয়ার নিয়ে হাজির হয় এবং হইহুল্লুড় ও গ্রামীণ গান ও আল্লাহ আল্লাহ ধবনি দিতে থাকে। উৎসবটি উপলক্ষে সপ্তাহখানেক আগে থেকে গ্রামে প্রচারণা চালানো হয়। পরে আজ সকাল থেকে মাছ ধরার পলো-কুচা-জাল নিয়ে বিলের পাড়ে সমবেত হতে থাকেন কয়েক শতাধিক মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলপাড়ে লোকসমাগম বাড়তে থাকে। পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় একসঙ্গে পলো নিয়ে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন ছেলে-বুড়ো সবাই। শুরু হয় ঝপ ঝপ পলো বাওয়া।
প্রায় ২ ঘণ্টাব্যাপী এ পলো বাওয়া উৎসবে তিন মৌজার বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় উৎসবটি উপভোগ করতে বিলের পাড়ে ভিড় জমান নানা বয়সের মানুষ।বিভিন্ন প্রকৃতির মাছ ধরে, বোয়াল, শোল বিকেট, আইড়,কাগলা,টেংরা পুঁটি, মলা সহ অনেক ধরণের মাছ। গ্রামীণ এই চিত্র হারিয়ে যেতে বসলেও ফতেপুরের পুরোনো ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন। এতে এ এলাকার জনসাধারণের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। এলাকার মুরব্বিয়ান, যুব ও ছাত্র সমাজের সমন্নয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় পলো বাওয়া উৎসব।
পলো বাওয়া উৎসবে বৈরী আবহাওয়ার কারণে যোগ দিতে না পেরে আক্ষেপের সুরে ৬৭ বছর বয়সি হেলাল উদ্দিন জানান,জীবনে বহুবার পলো বাওয়া উৎসবে নিজে মাছ মেরে আনন্দ করেছি।কিন্তু আজ এই আনন্দে নিজে শরিফ হতে পারি নাই।দীর্ঘ দুই যুগ পর পলো বাওয়া উৎসব হয়েছে।এটা আমাদের গ্রামের পুরাতন ঐতিহ্য।গ্রামের উন্নয়নের কাজের জন্য দীর্ঘ ২ যুগ ধরে বিল বিক্রি হয়ে যেত।এ বছর আমরা সকলের সিদ্ধান্তক্রমে পলো বাওয়া উৎসব করি।আমার ১৪ বছরের ছেলে জানেনা কিভাবে পলো দিয়ে মাছ ধরে। আজ সে নিজে মাছ শিকার করে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকলো।এ দ্বারা যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অব্যাহত থাকে।
স্থানীয়রা জানান, ঐহিত্য অনুযায়ী প্রতি বছরের মাঘ মাসের পহেলা তারিখ এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হতো। কিন্তু এবার বিলে মাছ বেশি থাকায় এলাকাবাসী মিলে এ সময় পলো বাওয়ার সিদ্ধান্ত নেন। পলো বাওয়া উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উৎসবের আমেজ বিরাজ করছিল।
শিক্ষানুরাগি ও একজন সংগঠক রিয়াজ উদ্দিন বাবুল বলেন, পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও আমি এ উৎসবে অংশগ্রহণ করি। আমাদের গ্রামবাসী যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।বিভিন্ন কারণে দীর্ঘ দুই যুগ বন্ধ ছিল। দুই যুগ পরে আবার এই পোলা বাওয়া উৎসবে অংশগ্রহণ করে যে আনন্দ পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্যের দ্বারা বহাল রাখতে তিনি তিন মৌজার সকলের প্রতি আহ্বান জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




