ছবি সংগৃহীত
ছিলেন একজন ফার্নিচার রঙমিস্ত্রি। নিয়মিত দোকানে কাজ করতেন। তবে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বসে থাকতে পারেননি। বিবেকের তাড়নায় যোগ দেন গোলাপগঞ্জের ছাত্র-জনতার সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে। গোলাপগঞ্জের চৌমুহনীতে পুলিশের গুলি তার বুকে লাগলে লুটিয়ে পড়েন মাটিতে। তাৎক্ষণিক শিক্ষার্থীরা তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসকরা। বর্তমানে কিছুটা সুস্থ হলেও অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার।
বলছিলাম গোলাপগঞ্জ পৌর এলাকার মধ্য ঘোষগাঁও সেনবাড়ির মরহুম আব্দুল মতিনের ছেলে রুমন আহমদের কথা। রুমনকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। এ অবস্থায় তার চিকিৎসায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে অসহায় পরিবার।
কোটা সংস্কারের আন্দোলন করতে গিয়ে ৪ আগস্ট বুকের ডানপাশের উপরে গুলিবিদ্ধ হন রুমন। আন্দোলন সফল হলেও আহত হয়ে অর্থের অভাবে সুচিকিৎসা করাতে না পেরে তাকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার শেষ নেই।
আহত রুমন আহমদ বলেন, গত ৪ আগস্ট বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় আন্দোলনে ছিলাম। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সদস্যরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর মুহুর্মুহু গুলি চালায়। মিছিলের সামনে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় আমার বুকের ডানপাশের উপরে গুলি ঢুকে বের হয়ে যায়। আমি অচেতন হয়ে রাস্তায় পড়ে যাই। গুরুতর আহত অবস্থায় অন্যান্য আন্দোলনকারীরা আমাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে আমাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি বলেন, আমার ৬ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। এছাড়া আমার মধ্যবিত্ত পরিবার। আমি এতদিন কাজ করে পরিবারের খরচ চালাতাম। কিন্তু এখন টাকা জোগাড় করতে না পারায় ঠিকমতো ওষুধ খেতে পারছি না ও ভালো চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে বুকে অনেক ব্যথা সহ্য করে খুব কষ্টে বাড়িতে আছি।
রুমন বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমার মতো যারা অসুস্থ হয়ে হাসপাতালে বা বাড়িতে কাতরাচ্ছে তাদের যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। পুনর্বাসন করা হয়। এছাড়া প্রবাসী ও দেশের সবার কাছে আমার চিকিৎসা করানোর জন্য সহযোগিতা চাচ্ছি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গোলাপগঞ্জের চৌমুহনীতে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। ছাত্র-জনতাকে দমাতে পুলিশ গুলি ছোড়ে এবং ছররা গুলি, রাবার বুলেটসহ টিয়ারশেল নিক্ষেপ করে। দুপুর ২টা থেকে গোলাপগঞ্জ উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও বিজিবির গুলিতে সেদিন ৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন অসংখ্য ছাত্র-জনতা। বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সামনে আন্দোলনকারীদের দমিয়ে রাখতে পুলিশ গুলি চালিয়েছিল। এই গুলিতে ঘটনাস্থলেই চালক গৌছ উদ্দিন ও ব্যবসায়ী মিনহাজ আহমদ নিহত হন। অসংখ্য আন্দোলনকারী আহত হন। এ সময় রুমন আহমদও গুলিবিদ্ধ হন।
জৈন্তা বার্তা / আরআর




