দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে চুরি-ডাকাতি। রাতে পুলিশের স্বাভাবিক টহল আগের মতো নেই। এই সুযোগে সংঘবদ্ধ চোর-ডাকাতদের উপদ্রবে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। গত প্রায় দুই মাসে যতগুলো চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে তার সবই অপেক্ষাকৃত নির্জন এলাকায়। ফলে ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, উপজেলাজুড়ে পুলিশ টহল জোরদারের।
গত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসজুড়ে বিয়ানীবাজারে বেশ কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই পৌর এলাকায়। এই সময়ে বেশ কিছু এলাকায় যুবকরা রাতের বেলা পাহারাও দিয়েছিলেন। সে সময় চুরি-ডাকাতির ঘটনা কমে আসার পাশাপাশি অপরাধী চক্রটির একাধিক সদস্যকে আটক করতে সমর্থ হন স্থানীয়রা।
সর্বশেষ বিয়ানীবাজারে গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার নিদনপুর হাজীপাড়ায় একটি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে সংঘবদ্ধ ডাকাতরা। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিয়ানীবাজার ইনার কলেজ রোড সংলগ্ন কাজী রেজাউল কবিরের বাড়িতে ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে। পরে গত ২৪ সেপ্টেম্বর কলেজ রোডের কাজল ভিলা নামে আরেকটি বাসায় চুরির ঘটনা ঘটে। বাসার সিসিটিভির একাধিক ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চোরকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
গত আগস্ট মাসে ছিল আরও ভয়াবহ অবস্থা। বিয়ানীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম এবং ডাকাতিতে ব্যবহৃত একটি নোহা গাড়িসহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। গেল ৩১ আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগীতায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ডাকাতদলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে ২০ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের হাজীপাড়ায় সালেহ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় পরিবারকে জিম্মি করে অর্থ ও স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতরা।
১০ আগস্ট দিবাগত রাতে সুপাতলা মসজিদের পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা বাড়িতে না থাকার সুযোগে রাতের বেলা চোর একটি ল্যাপটপ ও দুটি মোবাইলের চার্জার চুরি করে নিয়ে যায়। একই রাতে মুড়িয়া ইউনিয়নে দুটি চুরি ঘটনা ঘটেছে। কোনাগ্রাম অফিস বাজার সংলগ্ন করিম স্টোর ও দক্ষিণ মুড়িয়া উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থিত ফয়েজের দোকানে চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকরা এসব চুরি-ডাকাতিতে জড়িত। এলাকার মাদকসেবী, মাদক কারবারি ও জুয়াড়িরা এসব চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েছে। থানা পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দায় এড়িয়ে যায়। এখন পর্যন্ত সাম্প্রতিক সময়ে জড়িত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।
তের মধ্যে স্বস্তির খবর হলো, গত রবিবার (২৯ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানার পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে- জাহেদ আহমদ ওরফে জিহাদ, হারুনুর রশীদ, জাহেদ আহমদ ও মনসুর আলম। তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ডাকাতির মামলা এজাহারভুক্ত রয়েছে বলে জানায় পুলিশ।
বিয়ানীবাজার উপজেলায় ডাকাতি রোধে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, আমি যোগদান করার সপ্তাহখানেকও হয়নি। তবে থানার সকল পুলিশ সদস্যই এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, মাদক, চোরাচালান ও চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ রোধ করতে অতীতের যেকোনো সময়ের চাইতে পুলিশ এখন আরও সচেষ্ট থাকবে।
জৈন্তা বার্তা / আরআর




