জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম শাকিল মিয়া (৩৭)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাছদাইর (তালা ফ্যাক্টরি) এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায়, কয়েক মাস যাবত জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় গোপনে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়ক থেকে শাকিলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২২ পিস ইয়াবা জব্দ ও তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছে। আটক শাকিল মিয়াকে সোমবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




