ছবি: নিজস্ব
গোলাপগঞ্জের গোঘারকুলের সৈয়দ মাসুদ আহমদ তার মায়ের নাম সংশোধনের আবেদন করেছেন ৭ মাস আগে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের এমন কোনো দপ্তর নেই যেখানে তিনি ঘুরেননি। কিন্তু সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবে কোনো তথ্যই পাচ্ছেন না তিনি। একেক জায়গায় একেক তথ্য চাওয়া হচ্ছে। একেক স্থানে একেক তথ্য দেয়া হচ্ছে। আর এভাবেই দীর্ঘসূত্রিতায় পড়েছে তার মায়ের আবেদনটি। আর আবেদনপত্র না পাওয়ায় দেশ- বিদেশের কোনো কাজই করতে পারছেন না তিনি। শুধু মাসুদ আহমদ নন। এনআইডি নিয়ে এ রকম জটিলতায় এখন সিলেটের ২৩ হাজারের অধিক পরিবার। এর মাঝে ৪ হাজার আবেদনই প্রবাসীদের।
নানা অজুহাতে নির্বাচন অফিসে আটকে আছে সিলেটের নাগরিকদের এনআইডি সংশোধনের আবেদন। ফলে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের নাগরিকরা পড়েছেন চরম জটিলতায়। দ্বারে দ্বারে ঘুরেও এ থেকে নিষ্কৃতি পাচ্ছেন না আবেদনকারীরা। কবে নাগাদ হাতে পৌঁছবে কাঙ্খিত এনআইডি কার্ড-তাও সঠিকভাবে কেউ বলতে পারছেন না। তবে কর্তৃপক্ষ বলছে ‘নির্ধারিত’ কিছু প্রক্রিয়া রয়েছে সংশোধনের, সেসব প্রক্রিয়া সম্পন্ন হলেই এনআইডিগুলো ছাড় দেয়া হবে।
খোঁজ নিযে জানা গেছে, গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সিলেট অঞ্চলের এনআইডি সেবা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।
সভায় জানানো হয়, এসব আবেদনের মধ্যে রয়েছে অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন বিভিন্ন ক্যাটাগরি, সেন্ট টু সিটিজেন, তদন্ত, সাক্ষাৎকার, অতিরিক্ত তথ্য চাওয়া প্রভৃতি আবেদন। সুনামগঞ্জের ৩ হাজার ৪১৮, সিলেটের ৮ হাজার ১৭২, মৌলভীবাজারের ৪ হাজার ৪৬ এবং হবিগঞ্জের ৭ হাজার ৮৯৪টি আবেদন রয়েছে।
এ ছাড়া মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ৪ লাখ ৯ হাজার ৭৯৬টি এনআইডি সংশোধনের আবেদন রয়েছে বলেও সভায় জানানো হয়। সভায় আরও জানানো হয়, সিলেট অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের (সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কাতার, কুয়েত ও মালয়েশিয়া) মোট ৪ হাজার ৩৮১টি আবেদন এসেছে। মিশন থেকে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২ হাজার ৩০ জনের। তদন্ত সম্পন্ন হয়ে অ্যাপ্রæভের জন্য অপেক্ষায় রয়েছে ১৯টি আবেদন। অ্যাপ্্রুভ হয়েছে ১ হাজার ৪০০ আবেদন। বাতিল করা হয়েছে ২০০ টি, ডকুমেন্ট সংযুক্ত করা হয়নি কিন্তু বাতিল করা হয়েছে চারটি এবং থানা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে ২ হাজার ৮০৬টি আবেদন।
এ ব্যাপারে সিলেটের নির্বাচন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ সম্ভব হয়নি।
জৈন্তাবার্তা / রহমান




