সিলেটের জৈন্তাপুর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাপণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১টায় জৈন্তাপুর উপজেলা সদরে দৈনিক বাজার মনিটরিংয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুদি দোকান পরিদর্শন করেন তিনি। তিনি কোনো কোনো দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করা ও ক্রয়মূল্যের রিসিপ্টের সাথে বিক্রয়মূল্যের ব্যবধান বেশি থাকায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেন।
বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমেদ, ৮নং ওয়ার্ডে সদস্য আখলাকুল আম্বিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসান, জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মাঝে রাখতে ও সিন্ডিকেট করে কেউ যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




