ছবি : সংগৃহীত
স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে দাবি তুলতে তুলতে ১২০ টাকা থেকে ৩০০ টাকায় নিজেদের মজুরি উন্নীত করতে পেরেছেন চা-শ্রমিকরা। কিন্তু এই টাকা দিয়ে কোনোভাবেই তাদের সংসার চলে না।
পাঁচজনের সংসার দিনে ৩০০ টাকায় ক্যামনে চলে- এমন প্রশ্ন সিলেটের চা-শ্রমিকদের আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির নেতা রাজু গোয়ালার। এ টাকাও কী সহজে মিলে! দিনভর হাঁড়ভাঙ্গা খাটুনি শেষে মিলে এ টাকা। আর সে খাটুনির গল্পটা অন্যরকম কষ্টেরও। চা-শ্রমিকদের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমনসব কষ্টের নিদারুণ গল্প।
তারা জানান, কাকডাকা ভোরেই তাদেরকে ঘুম থেকে উঠতে হয়। একমুঠো মুড়ি আর এক কাপ চা খেয়ে নামতে হয় কাজে। কাঠফাটা রোদে দিনভর সংগ্রহ করেন চা পাতা। দুপুরে এক ফাঁকে চা পাতার চাটনি মেখে খান ভাত, কখনো সঙ্গে থাকে মুড়ি কিংবা চানাচুর। দিনশেষে ২৩ কেজি পাতা তুললেই তবে পূরণ হয় মাথাপিছু লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই তবে ‘হাজিরা’ হিসেবে গণ্য করা হয়। গাছ ছাঁটার সময় সারা দিনে অন্তত ২৫০টা চা গাছ ছাঁটতে হয়। কীটনাশক ছিঁটানোর বেলায় সারা দিনে অন্তত ১ একর জমিতে কীটনাশক ছিঁটানোর লক্ষ্যমাত্রার বোঝা কাঁধে নিয়ে কাজ করতে হয় তাদের। প্রত্যেক বছর শ্রমিক দিবস এলে ঘটা করে পালন করা হয় দিনটি। কিন্তু চা-বাগানের শ্রমিকরা তাদের জীবনচক্র আটকে ফেলেছেন চা-বাগানের গন্ডির মধ্যেই।
তথ্য অনুসন্ধানে দেশের ১৬৬ চা-বাগানের মধ্যে বিভাগের ১৪৩ চা-বাগানে কর্মরত দেড় লক্ষ শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। সারা দেশে ঘটা করে সমষ্টিগত ও ব্যক্তিগতভাবে মÐপ সাজিয়ে ভোজের আয়োজন করা হলেও চা-বাগানগুলোতে ছিলো বেদনার সুর। বাঁশ-বেত দিয়ে ম্যাপ তৈরি করে কোনো রকম দুচারটি বাতি জ¦ালিয়ে এ বড় উৎসবে শরিক হয়েছিলেন চা-শ্রমিকরা। পূজা উপলক্ষে তাদের বেতনতো বাড়েইনি, বোনাসের গন্ধও পাননি। অথচ তাদের শ্রমেই টিকে আছে দেশের এ বৃহৎ শিল্পটি। শ্রমিকরা মনে করেন, এভাবে অবজ্ঞা চলতে থাকলে এক সময় শ্রমিকরা বিকল্প পেশা বেছে নিতে বাধ্য হবে। তখন সংকটে পড়বে দেশের চা শিল্প।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট ভ্যালীর সভাপতি রাজু গোয়ালা বলেন, শ্রমিকদের যে সুবিধা দেওয়ার কথা, তার যদি ৮০ ভাগও শ্রমিকরা পেতেন, তাহলে তাদের জীবন বদলে যেতো। এখন ৫০ ভাগ সুবিধাও পান না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বদলে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে গত ৮ অক্টোবর শিল্প উপদেষ্টার সাথে দেখা করেছি। আমাদের চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরছি। আশা করছি উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্টরা আমাদের ভাগ্য উন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি বলেন, পৃথিবীর কোথাও এমন মজুরিতে কাজ করা শ্রমিক আছে বলে মনে হয় না। ঝড়-বৃষ্টি কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না। মাথায় ছই (ছাতা) আর পেছনে ঝাঁকি নিয়ে বাগানে যেতে হবে। কোনো কিছুই আমাদের পেটে ভাত দেবে না, কুঁড়ি তুললেই তবে ভাত জুটবে। বর্তমান বাজারমূল্যের সঙ্গে একজন শ্রমিকের মজুরি হিসাব করলে কোনোভাবেই মেলে না।
আগে শ্রমিকরা ১২০ টাকা দৈনিক মজুরি পেতেন। ২০২৩ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অনুগ্রহে’ তাদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়ে। ফলে তাদের দৈনিক মজুরি দাঁড়ায় ১৭০ টাকায়। মজুরি নির্ধারণ নিয়ে যখন চা-শ্রমিকদের আন্দোলন তুঙ্গে, তখন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেন। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর শেখ হাসিনা ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেন।
এর আগে স্থানীয় প্রশাসন ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের চা-শ্রমিক নেতাদের বৈঠকের পর ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা দৈনিক মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু শ্রমিকদের একটি অংশ তাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বেশিরভাগ শ্রমিক তাতে রাজি হননি। পরে ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত আসে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে। সর্বশেষ ২০২০ সালে যখন চা-শ্রমিক ইউনিয়ন এবং বাগান মালিকদের সংগঠন চা সংসদ মজুরি নিয়ে চুক্তি করেছিল, সেই সময় মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার প্রতিশ্রæতি দেওয়া হয়েছিল। সে প্রতিশ্রæতি বাস্তবায়ন হয়নি।
প্রসঙ্গত, ব্রিটিশ ভারতের বাংলাদেশ অংশে প্রথম বাণিজ্যিক-ভিত্তিতে চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়া চা-বাগানে, ১৮৫৪ সালে। বাংলাদেশ চা উন্নয়ন বোর্ডের তথ্য মতে, দেশে চা-বাগান রয়েছে ১৬৭টি। এর বড় অংশটি সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এলাকায় অবস্থিত। এসব বাগানে এক লাখ ৪০ হাজারের মতো শ্রমিক রয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




