ছবি নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয়ভাবে উৎপাদিত শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। স্থানীয় বাজারগুলোতে কিছুটা সাশ্রয়ী মূল্যে শাকসবজি কিনতে পেরে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
গত কয়েক মাস ধরে নানা কারণে সারা দেশের মতো গোয়াইনঘাট উপজেলায়ও সবজির বাজার অনেকটাই অস্থির ছিল। বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি ছিল শত টাকা ছুঁইছুঁই। তবে উৎপাদিত শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তির হাওয়া বইছে। কমেছে বেশ কিছু পণ্যের দাম। প্রায় সব ধরনের সবজির দাম কমেছে গড়ে ২০ টাকা। এতে দূর হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের হাহাকার।
কয়েক দিন আগেও কাঁচামরিচের দর নিয়ে ক্ষোভ ছিল ভোক্তাদের মাঝে। দাম উঠেছিল ৫০০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ১২০ থেকে দেড়শ টাকায়। এ ছাড়া বেগুন, পেঁপে, করলা, ঢ্যাঁড়স, পটল, টমেটো, কপি, ধুন্দুল, কাঁকরোল, শসাসহ সবধরনের শাকের দামও কমেছে।
উপজেলা সদরে সরেজমিনে দেখা যায়, পশ্চিম জাফলং ইউনিয়ন থেকে আব্দুর রশিদ নামে এক সবজি চাষি তার উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি উপজেলার সদর, রাধানগর বাজার ও মাতুরতল বাজারের পাইকারদের কাছে বিক্রি করেছেন। পাইকাররাও লাইন ধরে বসে বিক্রি করা শুরু করে দিয়েছেন। সুলভ মূল্যে বাজারে টাটকা সবজি পাওয়ায় ক্রেতারাও স্বাচ্ছন্দে তাদের প্রয়োজনীয় সবজি ক্রয় করছেন। অনেক ক্রেতা আবার টাটকা সবজি কম দামে পাওয়ায় প্রয়োজনের চাইতে এক/দুই কেজি বেশি কিনে নিচ্ছেন।
সবজি চাষি আব্দুর রশিদ বলেন, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে বাইরে থেকে কোনো পাইকার এখানে আসতে পারে না। যার জন্য আমাদেরকে স্থানীয়ভাবে বিক্রি করতে হয়। বিভিন্ন জিনিসের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে পাইকাররা মাঠ থেকে এসে নিতে পারত, আমরাও আরো কম দামে বিক্রি করতে পারতাম এবং ক্রেতারা আরো কম দামে কিনতে পারতো।
তিনি জানান, উপজেলার তিনটি বাজারে তার উৎপাদিত শসা, জিঙ্গা, চিচিঙ্গা, লাউ ও বরবটিসহ ৩১ হাজার টাকার সবজি বিক্রি করেছেন।
ক্রেতারা বলছেন, আগের তুলনায় কিছু পণ্যের দাম কমেছে। বিশেষ করে শাক-সবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে কিছু পণ্যের দাম এখনও বাড়তি। সরকার কঠোর পদক্ষেপ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে বাজার নাগালে রাখা সম্ভব।
বিক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২০ টাকা কমেছে সবজির দাম। সপ্তাহ দুয়েকের মধ্যে সবজির দাম আরও কমে যাবে। আগের তুলনায় এখন সরবরাহও ভালো।
এদিকে, বাজার তদারকিতে নিয়মিত অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বেশি দাম ও অনিয়ম দেখলেই করা হচ্ছে জরিমানা।
সচেতন মহলের দাবি, বাজার সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ব্যবসায়ীদের অস্বাভাবিক মুনাফা রোধে সরকারকে সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।
জৈন্তা বার্তা/আরআর




