ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং এর খবরে কমে গেল শাক-সবজির দাম। মনিটরিং চলাকালীন উপস্থিত ক্রেতাগণ অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতি দেখে এখন যে দাম বলছে সে তুলনায় বাস্তবে ক্রেতাদের কাছ থেকে আরও বেশি দাম নেয়া হয়।
রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মনিটরিং করতে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় তিনি কাঁচাপণ্যের দোকানগুলোতে আজকের বিক্রয়মূল্য জানতে চাইলে বিক্রেতারা লাউ প্রতি পিস ৭০-৭৫ টাকা, স্থানীয় বাগানের বরবটি ৫০-৫৫ টাকা ও আলু ৫৫-৬০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
এ সময় বাজারে উপস্থিত কিছু ক্রেতা বলেন, প্রশাসনের উপস্থিতি দেখে এখন তারা দাম কমিয়ে বলছেন। এ সময় অনেকে অভিযোগ করেন, তারা লাউ ৯০-১০০ টাকা, বরবটি ৬৫-৭০ টাকা এবং আলু ৬০-৬৫ টাকা করে কিনেছেন।
এ সময় কাঁচাপণ্য বিক্রেতাদের ইউএনও ক্রয় রিসিট দেখাতে বললে তারা বলেন, বেশির ভাগ কাঁচাপণ্য সবজি তারা লোকাল কৃষকের নিকট হতে ক্রয় করেন। এ সময় তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে উপজেলার কৃষক পর্যায়ে বিক্রিকৃত সবজির মূল্যের তথ্য সংগ্রহ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সবজির দোকানগুলোতে বাধ্যতামূলক প্রতিদিনের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বিভিন্ন ভোগ্যপণ্যের দোকানগুলো মনিটরিং করেন। সেখানে যেসব বিক্রেতা খাদ্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ নবায়ন করেননি, তাদের জরুরি ভিত্তিতে কাগজ নবায়নের নির্দেশনা প্রদান করেন।
পরে যে সকল দোকানদার দরবস্ত বাজারের মূল গলিতে চারিকাঠা যাওয়ার প্রবেশমুখে এবং তামাবিল মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বসিয়েছেন তাদের আগামী দুই দিনের মধ্যে জায়গা পরিষ্কার করার নির্দেশনা প্রদান করেন ইউএনও। এসময় তিনি অবৈধ স্থাপনা ও রাস্তায় পণ্যসামগ্রী রেখে যারা প্রতিবন্ধকতা তৈরি করেন তাদের সরাতে স্থানীয় চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেলসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ স্থানীয় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে।
জৈন্তা বার্তা/আরআর




