ছবি নিজস্ব
চলতি রবি মৌসুমে সিলেটের জৈন্তাপুরে একই জমিতে সাথি ফসল হিসেবে শিম ও বরবটির যৌথ চাষ করা হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শিম বাজারজাতকরণের সময় হলেও ইতোমধ্যে বরবটির বাজারজাতকরণ পুরো উপজেলায় প্রায় ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
"জৈন্তাপুরের রামাই" বা বরবটির ইতোমধ্যে পুরো সিলেট বিভাগজুড়ে বিশেষ কদর রয়েছে। চলতি মৌসুমের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারজাত শুরু হয়। সে সময় কৃষকের মাঠ থেকে বেপারীরা ৮০-৮৫ টাকা কেজিপ্রতি ক্রয় করেছিলেন। বর্তমানে হারভেস্টিং বেশি হওয়ায় তা কমে ৪৫ টাকা কেজিতে নেমে এসেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ২২০ হেক্টর জমিতে বরবটির চাষ হয়েছে। এর মধ্যে ৪০% নিজপাট ও ৩০% চারিকাঠা ইউনিয়নের গ্রামগুলোতে চাষ হয়েছে।
নিজপাট ইউনিয়নে যে গ্রামগুলোতে বেশি পরিমাণে বরবটি চাষ হয়েছে তার মধ্যে অন্যতম দিগারাইল, হর্ণি, রুপচেং, পাখিবিল, বাইরাখেল ও উত্তর কামরাঙ্গীখেল। এছাড়া চারিকাঠা ইউনিয়নের দক্ষিণ কামরাঙীখেল, থুবাং, বাউরভাগ, ভিত্রিখেল উত্তর ও লালাখাল এলাকায় বৃহৎ আকারে বরবটির চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়, এ বছর ২০ জন কৃষককে প্রদর্শনী দেয়া হয়েছে। এর পাশাপাশি মোট ৯২০ জন কৃষক এ বছর বরবটি চাষ করেছেন। পুরো উপজেলায় চলতি মৌসুমে বরবটির উৎপাদন লক্ষমাত্রা ছিল ১ হাজার ৯৮০ মেট্রিক টন, যা ইতোমধ্যে অর্জিত হয়েছে। সে হিসেবে গড়ে প্রতি কেজি ৪০ টাকা করে কৃষকেরা মাঠে বিক্রি করলে এর মূল্য দাঁড়ায় প্রায় ৮ কোটি টাকা।
এ বিষয়ে দিগারাইল গ্রামের বরবটি চাষি জিয়াউল হক জানান, চলতি মৌসুমে তিনি আড়াই বিঘা জমিতে বরবটি চাষ করেছেন। এতে তার উৎপাদন ব্যয় হয়েছে ৮৫ হাজার টাকার মতো। মৌসুম শেষে তিনি দুই লক্ষ টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
উত্তর কামরাঙ্গীখেল গ্রামের আরেক কৃষক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, তিনি এ বছর সাড়ে তিন বিঘা জমিতে বরবটি চাষ করেছেন। এতে তার মোট ব্যয় দেড় লক্ষ টাকার মতো। মৌসুম শেষে তিনি সাড়ে তিন থেকে চার লাখ টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
এ বিষয়ে নিজপাট ইউনিয়নের ২ ও ৩নং ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে ২নং ব্লকে ৮০ হেক্টর ও ৩নং ব্লকে ৫০ হেক্টর জমিতে বরবটি ও শিমের যৌথ চাষ হয়েছে। অত্র এলাকা এই দুই সবজি চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রতি সপ্তাহে কৃষক ও মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
জৈন্তাপুর উপজেলার বরবটির চাষ ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইরফান শাহ্ বলেন, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর থেকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (ডিএই অংশ) আওতায় সর্জান পদ্ধতিতে শাক-সবজির উৎপাদন বিষয়ে প্রদর্শনী দেয়া হয়েছে। পাশাপাশি শিম ও বরবটির যৌথ বাগানগুলোতে সার, কীটনাশক পরিমাণমতো প্রদান ও সঠিক নিয়মে পরিচর্যা করার বিশেষ পরামর্শ কৃষি অফিসের কর্মকর্তারা কৃষক পর্যায়ে দিয়ে আসছেন। পাশাপাশি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলা কৃষি কর্মকর্তাসহ মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক করা হয়েছে।
তিনি জানান, চলতি নভেম্বরে বরবটি হারভেস্টিং শেষ হয়ে গেলে আগামী জানুয়ারির শেষে একই সাথে রোপিত শিমের বাজারজাতকরণ শুরু হবে। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং করছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/আরআর




