বিশ্বনাথে কৃষি সহায়তা পেলেন ৪০০ কৃষক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে কৃষি সহায়তা পেলেন ৪০০ কৃষক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০২:৫৭:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে কৃষি সহায়তা পেলেন ৪০০ কৃষক


কৃষিই সমৃদ্ধি, কৃষিতেই উন্নতি; কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এমন স্লোগানকে ধারণ করে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪০০ কৃষক পেলেন কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নগদ অর্থ ও বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ সহায়তা। সহায়তাপ্রাপ্ত প্রত্যেক কৃষককে নগদ ১ হাজার টাকা ও বিভিন্ন জাতের ৮ প্রকার সবজির বীজ প্রদান করা হয়। ১ হাজার ২৫০ গ্রাম করে আগাম শীতকালীন চাষাবাদের জন্য উপযোগী এমন ধরনের বীজই কৃষকদেরকে দেওয়া হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির (উপসী) বীজ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামানের পরিচালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। 

এসময় প্রধান অতিথি সুনন্দা রায় কৃষকদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের খাদ্য ঘাটতি মেটাতে পতিত (খাস) জমি চাষাবাদের আওতায় আনার কাজ করছে সরকার। যে সমস্ত জমি এখনও পতিত পড়ে থাকে সেগুলো চাষাবাদের বাইরে না রেখে আবাদের আওতায় আনতে কাজ করছে বিশ্বনাথ উপজেলা কৃষি প্রশাসন। আপনারা (কৃষকরা) যদি পতিত জমি, ঘর-বাড়ির আঙিনায় শাক-সবজি উৎপাদন করেন তাতে খাদ্য ঘাটতি মিটবে। এ লক্ষ্যে সহায়তা করছে কৃষি দপ্তর।

তিনি উপস্থিত উপকারভোগীদের পরামর্শ দিয়ে বলেন, আজ যারা নগদ অর্থ ও বীজ পেলেন, এগুলোর সদ্ব্যবহার করেন। তাতে নিজের খাদ্য চাহিদার পাশাপাশি আয় করতে পারবেন। বাজার স্থিতিশীল রাখতে নিজের উৎপাদিত সবজি, তরিতরকারি মধ্যস্বত্তভোগী না ধরে সরাসরি বাজারজাত করুন। এতে করে মধ্যস্বত্তভোগীরা লাভবান হবে না, লাভবান হবেন আপনি নিজে।

তিনি এসময় আরও বলেন, কৃষকদের উৎপাদিত সবজি, তরিতরকারি সরাসরি বাজারজাত করতে উপজেলা কৃষি অফিস ও প্রশাসন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও কৃষকের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা উপ-সহকারী (উদ্ভিদ) কৃষি কর্মকর্তা মনুজ কান্তি দেব নাথসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী