ছবি : সংগৃহীত
দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের সাত বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী কয়েকদিন দেশের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এ সময় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা এবং পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জৈন্তাবার্তা / সুলতানা




