ছবি: নিজস্ব
জৈন্তাপুর উপজেলায় পাহাড়ি ঢলে বিগত কয়েক বছর ধরে অব্যাহত নদীর তীর ভাঙনের ফলে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি সহ ফসলি জমি। ভারতের মেঘালয়ের লেসকা এরিয়া হতে উৎপত্তি মাইন্থ্রু নদী বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার সারী ও বড়গাঙ পৃথক হয়ে লামনীগ্রাম উত্তর সীমানায় নয়াগাঙ নামে প্রবেশ করেছে। সেই সাথে এই নয়াগাঙ নদী মৌল্লীফৌদ বাউরভাগ এলাকা ঘেষে ডুলাটিরপাড় সাবরীনদীর সাথে একত্রিত হয়ে গোয়াইনঘাট আনন্দবাজার পয়েন্টে গিয়ে পুনরায় সারী নদীর সাথে মিলেছে।
প্রতি বছর ছোট বড় পাহাড়ি ঢলে এই নদী কমবেশি আক্রান্ত হয়। তবে ২০০৪,২০১২,২০২২ ও ২০২৪ এর প্রলয়ঙ্কারী বন্যায় সবচেয়ে বেশী নদীর ভাঙনে আক্রান্ত হয়েছে নয়াগাঙের পাড়ের দুইতীরে।
ইতিমধ্যে নয়াগাঁঙের পাড়ের ভাঙন কবলিত এলাকায় গ্রামীন রাস্তাঘাট ও কয়েকশত একর জমি সহ অগনীত পরিবার তাদের বসতভিটা নিয়ে চরম শঙ্কায় দিন পার করছে। এমনই শঙ্কার মাঝে নতুন করে এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে নয়াগাঙ থেকে বালু উত্তোলন শুরু হওয়ায়।
স্হানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ই মে সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে বড়গাঙ নদীতে বালু মহালের জন্য ইজারা প্রদান করা হয়। মেসার্স সুরাইয়া এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠান যার সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন নামে এক ব্যবসায়ী। এর পর থেকে উনার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকা হতে বালু উত্তোলন শুরু হয়।
এ বিষয়ে স্হানীয় লামনীগ্রাম উত্তর গ্রামের বাসিন্দা হাফিজ আনোয়ার জানান, চলতি বছর ১২/৫/২০২৪ ইং তারিখে স্মারক নং - ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০৩১.১১.৭৪১ স্মারক মূলে এই ইজারা প্রদান করা হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য বড়গাঙ বালু মহালের নামে ইজারা হলেও উক্ত ইজারাকৃত অংশে নয়াগাঙ নদীর অন্তর্ভুক্ত দুইটি দাগ ইজারাভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন এই দুইটি মৌজার দাগ হলো লামনীগ্রাম জেএল নং-২০,এসএ খতিয়ান নং -০১ এস এ দাগ নং -১২৮,১২৯,১৭১ এবং অপর দাগ বাউরভাগ মৌজার জেএল-২৩, এসএ খতিয়ান নং - ০১,এসএ দাগ - ৩৫০,৩৫১,৪৬১।
তিনি বলেন উক্ত দাগের তীরবর্তী গ্রামের মানুষ অত্যন্ত দরিদ্র ও বিগত কয়েক বছর যাবৎ নদীর পাড় ভাঙন কবলিত হওয়ায় তারা চরম যুঁকিরত অবস্থায় রয়েছে। তিনি আরো বলেন, ইজারাকৃত বালু মহাল হতে নয়াগাঙের এই দুইটি অংশ হতে বালু উত্তোলন বন্ধের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ইতিমধ্য রিট পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশন নং- ১২১৮০/২০২৪। পিটিশন শুনানী অন্তে আদেশের জন্য অপেক্ষমান আছে বলে তিনি জানান।
এ বিষয়ে স্হানীয় বাসিন্দা প্রবাসী রফিকুল ইসলাম বলেন, আমার বাবা অত্র এলাকার সাবেক ইউপি সদস্য। ছোটবেলা থেকে তারা দেখে আসছেন নয়াগাঙ এলাকায় কখনোও বালু উত্তোলনের জন্য লিজ প্রদান করা হয় নাই। তাদের পুরাতন একটি ভিটা ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে তাদের বসতভিটা সহ আশপাশের মহল্লার কয়েকশ পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। তিনি অনতিবিলম্ব ইজারাকৃত অংশ হতে ভাঙন কবলিত নয়াগাঙ অংশটি বাদ দেয়ার আহবান জানান।
স্হানীয় বাসিন্দা হাজী হোসাইন আহমেদ বলেন, যত ধরণের বৈধ ইজারা হউক না কেন নয়াগাঁঙ এলাকায় স্হানীয় মানুষেরা কখনোও বালু উত্তোলন করতে দিবে না। এতে করে রাতের আধাতে লুকিয়ে বালু উত্তোলনের কাজ চলমান থাকায় যে কোন সময়ে গ্রামবাসীর সাথে বারকী শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন নয়াগাঙ এলাকা এমনিতেই ভয়াবহ ভাঙন কবলিত। এর মাঝে এই এলাকায় নতুন করে বালু উত্তোলন শুরু হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
স্হানীয় প্রবীন মুরব্বি আব্দুশ শুক্কুর বলেন, ইতিমধ্যে বিগত কয়েক বছরের প্রলয়ঙ্কারী বন্যায় মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে কান্দি,কাটাখাল,লামনীগ্রাম উত্তর এলাকার রাস্তা দিয়ে রিকশা, ইজিবাইক চলাচল করতে পারে না। এমনিতেই প্রতিবছর পাহাড়ি ঢলে বাড়তি এক আতঙ্ক বিরাজ করে এই এলাকার সহস্রাধিক পরিবারের মাঝে তার মধ্যে নতুন করে বালু উত্তোলনের ইজারায় এই ভাঙন কবলিত এলাকাকে অন্তর্ভুক্ত করায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
ইতিমধ্যে নদীর পানি হ্রাস পাওয়ায় বারকী শ্রমিকেরা নৌকা নিয়ে নয়াগাঙে প্রবেশ করলে স্হানীয়দের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটছে। এতে করে রাতের আঁধারে স্হানীয় বাসিন্দাদের নিষেধাজ্ঞা অমান্য করে বারকি শ্রমিকরা বালু উত্তোলন করছে। যার ফলে স্হানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্হিতি অবনতি হওয়া আশঙ্কা করা হচ্ছে বলে তিনি জানান। তাই অনতিবিলম্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাঙন কবলিত নয়াগাঙ এলাকাকে বাদ দিয়ে ইজারাকৃত বালু উত্তোলনের এরিয়া আলাদা করার আহবান জানান তিনি।
এ বিষয়ে বড়গাঙ বালু মহালের ইজারাদার ইসমাইল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রথমে মৌখিক পরে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেদন দেয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




