ছবি সংগৃহীত
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর প্রভাব এখনও বাংলাদেশে পড়েনি। এতে আগামী তিন দিন দেশের আবহাওয়া স্বাভাবিক থাকলেও শেষের দিকে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




