ওসমানীনগরে ১ মাসে কোটি টাকার ভারতীয় চিনি উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

আট মা ম লা য় ২০জন আ ট ক

ওসমানীনগরে ১ মাসে কোটি টাকার ভারতীয় চিনি উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে ১ মাসে কোটি টাকার ভারতীয় চিনি উ দ্ধা র

ছবি: সংগৃহীত


দেশের পট পরিবর্তনের পর থেকে  সিলেটের ওসমানীনগরে চিনি চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও থামানো যাচ্ছেনা অবৈধ ভারতীয় চিনি চোরাচালান। চিনি চোরাকারবারীদের নিরাপদ রোড হয়ে উঠেছিল সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ। তবে নভেম্বর মাস থেকে চোরাকারবারিদের পথের কাটাঁ হয়ে দাঁড়িয়েছে ওসমানীনগর থানা পুলিশ। গত ১ মাসে চিনি বোঝাই একের পর এক ট্রাক আসছে আর ফেঁসে যাচ্ছে তাদের জালে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ভারতীয় চিনি চোরাচালান করতে গিয়ে গত এক মাসে শুধু সিলেটের ওসমানীনগর থানা পুলিশ কোটি টাকার উপরে অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করেছে।

একই সময় চিনি চোরাচালানের সাথে জড়িত, চিনির গাড়ী ছিনতাইয়ের চেষ্টা, চিনি ছাড়িয়ে নিতে ঘুষ প্রদানে অপচেষ্টাসহ এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ২০জনকে আটক করে পুলিশ।

পুলিশের বিভিন্ন অভিযানে সোমবার পর্যন্ত ১ হাজার ২শ’ ১২ বস্তায় ৯৫ হাজার ৪০ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময় চোরাচালানের পন্য বহনের কারণে ৫টি ট্রাক, ২টি মাইক্রোবাস ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট আইনে ওসমানীনগর থানায় ৮টি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকা থেকে অবৈধ ভারতীয় চিনি সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশ দিয়ে যাওয়ার সময় এসব চিনি আটক করে পুলিশ। সর্বশেষ গত ৩ নভেম্বর রোববার বিকেলে উপজেলার তাজপুর বাজারে ২৮০ বস্তা বোঝাই ট্রাকসহ ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করা হয়। এর আগে গত ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে চিনি চোরাচালান নিয়ে যাওয়ার খবর পেয়ে উপজেলার ইলাশপুর নামক স্থানে অভিযান চালায় পুলিশ।  অভিযানে  প্রায় সাড়ে ১১লক্ষ টাকার ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ২৮ অক্টোবর  রাতে ট্রাকভর্তি চিনি চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে  ওসমানীনগর  থানার সামন থেকে ১৬ লক্ষ ৮০ হাজার টাকার ২শ' ৮০ বস্তায় ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনিসহ  ৪ জনকে আটক করে পুলিশ। ২৭ অক্টোবর রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থান থেকে সাড়ে ১১ লক্ষ টাকার ২০০ বস্তায় ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনিসহ ১ জনকে আটক করে পুলিশ। ২৪ অক্টোবর সকালে গ্রাম তলা (দাশপাড়া) এলাকার হালিমা ম্যানশনে গুদামে অভিযান চালিয়ে বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৩৫ হাজার টাকার ৬৭ বস্তায় ৩ হাজার ২১৬ কেজি চিনিসহ ১জনকে আটক করে পুলিশ। ১৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুর সামনে থেকে স্থানীয় জনতার সহযোগিতায়  ২০৫ বস্তায় ১০ হাজার ২শ' ৫০ কেজি চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস,দুইটি মোটরসাইকেল ও সিলেট মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশ। গত ৪ অক্টোবর  সন্ধ্যা ৭টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজ এলাকা থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ৬৮২ বস্তায় ৩৪ হাজার ১০০ কেজি চিনি আটক করে পুলিশ। এসময় চিনি ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় আরো ১ জনকে আটক করা হয়।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, চিনি চোরাচালানীদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন, চোরাকারবারীদের বিরুদ্ধে সার্বোক্ষণিক নজর রাখছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী