ছবি: নিজস্ব
সিলেট বিভাগে ছাত্র-জনতা আন্দোলনের সময় নিহতদের ১৮ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসনের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে ৩২ জন শহীদ হয়েছেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, ছাত্র-জনতার আন্দোলনে ৩২ জন নিহতের পরিবারের মধ্যে কাগজ-পত্র ঠিক থাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে চেক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫ লাখ টাকা দেওয়া হয়।
স্নিগ্ধ আরও জানান, বাকিদের পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হবে। তারা সব কাগজ পত্র জামা দিতে পারেননি। এজন্য এখন না দিলেও তারা আর্থিক সহায়তা পাবেন।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এছাড়া সংগঠনটির আরও ৮ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাইবাচাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেননি, এই অভ্যুত্থানও হয়নি। দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য এই মানুষগুলো বিগত ১৬ বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ লেগে গিয়েছিল। এই অভ্যুত্থান কিছু লোক দিয়ে হয়নি। পুরো বাংলাদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। আর শুধু একটা নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। এর সঙ্গে অনেক প্রতিষ্ঠান জড়িত। এরমধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরও সংস্কার করতে হবে। তা না হলে নির্বাচন দিলে আবার জবরদখলের ঘটনা ঘটতে পারে।
বিচারব্যবস্থারও সংস্কার প্রয়োজন উল্লেখ করে জুলাই বিপ্লব আন্দোলনের এই সমন্বয় বলেন, হাইকোর্টে এখনও আওয়ামী লীগের কিছু দোসর-ফ্যাসিস্ট বসে আছে। যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি। তোষামোদি আর তেলবাজি করে তারা সেখানে গিয়েছিল। তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করা প্রয়োজন। একই সাথে যারা এই জায়গাগুলোর জন্য যোগ্য তাদেরকে সেখানে বসাতে হবে।’
সারজিস আলম বলেন, রাষ্ট্রের সবকিছু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে- এমনটি নয়। আবার আগামী ৫-৬ বছর লাগবে সংস্কার করতে- বিষয়টি এমনও নয়। কিন্তু সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে চিন্তা করতে পারবে না যে এক বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। ১৬ বছর ধরে যে সিস্টেমগুলো ধ্বংস করা হয়েছে, সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে একটা যৌক্তিক সময় প্রয়োজন।
জৈন্তাবার্তা / জারা




